২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দক্ষিণ পশ্চিমাঞ্চলের জনগণের দীর্ঘদিনের দাবি পদ্মা সেতু বাস্তবায়ন করা হবে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া রোববার বলেছেন, দক্ষিণ-পশ্চিমাঞ্চলের জনগণের দীর্ঘদিনের দাবি মাওয়া-জাজিরা পয়েন্টে পদ্মা সেতু অবিলম্বে বাস্তবায়ন করা হবে।

মাদারীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 May 2005, 07:14 PM

Updated : 26 Apr 2022, 05:39 PM

রোববার বিকেলে প্রধানমন্ত্রী খালেদা জিয়া মাদারীপুরের শিবচর উপজেলাধীন কাওরাকান্দি-ভাঙ্গারুটে আড়িয়াল খাঁ নদীর ওপর নির্মিত হাজী শরীয়তুল্লাহ সেতু উদ্বোধনের পর সেতুর পশ্চিম প্রান্তে অনুষ্ঠিত এক জনসভায় প্রধান অতিথির ভাষণ দেন।

৪৫০ মিটার দীর্ঘ ও ১০ মিটার প্রশস্ত এ সেতুর নির্মাণে ব্যয় হয়েছে ৭৪ কোটি টাকা।

তিনি বলেন, বর্তমান সরকার দেশ ও জনগণের উন্নয়নে বিশ্বাসী।

প্রধানমন্ত্রী শিবচর উপজেলার ৩২শয্যাবিশিষ্ট হাসপাতালকে ৫০ শয্যায় ও মাদারীপুর-শিবচর সড়ককে মহাসড়কে রূপান্তরসহ বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ড বাস্তবায়নের আশ্বাস দেন।

শিবচর উপজেলা বিএনপি’র আহবায়ক রশিদ মল্লিকের সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সমাজ কল্যাণ মন্ত্রী আলী আহসান মোহাম্মদ মুজাহিদ, শিবচর থানা বিএনপি’র যুগ্ম আহবায়ক নাজমুল হুদা মিঠু চৌধুরী, খলিলুর রহমান ঠান্ডু চৌধুরী, নাভিলা চৌধুরী, আব্দুল মান্নান খান, জেলা বিএনপি’র আহবায়ক কাজী হুমায়ুন কবীর, খন্দকার মাসুদুর রহমান, হেলেন জেরীন খান, জেলা জামাতের আমীর মাওলানা আব্দুস সোবহান প্রমুখ।