আইএলও সম্মেলনে দেশের শ্রমিকদের পক্ষ থেকে কর্মক্ষেত্রে নিরাপত্তা ইস্যু প্রাধান্য পাবে: সেমিনারে শ্রমিক নেতৃবৃন্দ
জাতীয় ট্রেড ইউনিয়ন নেতৃবর্গ রোববার ঢাকায় অনুষ্ঠিত এক সেমিনারে এ কথা বলেন।
আন্তর্জাতিক শ্রম সংস্থা (আইএলও)’র ৯৩তম বার্ষিক সম্মেলনে শ্রমিক প্রতিনিধি হিসেবে বাংলাদেশ ইনস্টিটিউট অব লেবার স্টাডিজ-বিল্স এর ভারপ্রাপ্ত মহাসচিব, বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের সাধারণ সম্পাদক মো. জাফরুল হাসান যোগ দিতে যাচ্ছেন। ৩১ মে থেকে ১৬ জুন সুইজারল্যান্ডের রাজধানী জেনেভায় আইএলও সদর দফতরে এ সম্মেলন অনুষ্ঠিত হবে।
এতে যোগ দেওয়ার আগে সম্মেলনে উপস্থাপনের জন্যে দেশের শ্রমিক পক্ষের মূল বক্তব্য ট্রেড ইউনিয়ন নেতৃবর্গের সাথে আলোচনার লক্ষ্যে বিল্স নগরীর বিআইএম মিলনায়তনে এ সেমিনার আয়োজন করে। জাতীয় ট্রেড ইউনিয়ন ফেডারেশনের শীর্ষ পর্যায়ের নেতৃবৃন্দ এতে অংশগ্রহণ করেন। এদের মধ্যে ছিলেন, আবুল বাশার, মোখলেসুর রহমান, রায় রমেশ চন্দ্র, মজিবুর রহমান ভূঞা, শহিদুল্লাহ চৌধুরী, এ্যাডভোকেট দেলোয়ার হোসেন খান প্রমুখ।
এবারের সম্মেলনে বাংলাদেশ সরকার পক্ষের প্রতিনিধি হিসেবে শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী আমান উল্যাহ আমান এমপি এবং জাতিসংঘে বাংলাদেশ মিশনের প্রধান অংশ নেবেন। শ্রমিক পক্ষের প্রতিনিধি হিসেবে মো. জাফরুল হাসানের পাশাপাশি বিকল্প প্রতিনিধি হিসেবে নাম ঘোষণা করা হয়েছে বাংলাদেশ সংযুক্ত শ্রমিক ফেডারেশন এর সভাপতি, বিল্স-এর উপদেষ্টা মোখলেসুর রহমানের। মালিক পক্ষের প্রতিনিধি হিসেবে যোগ দিচ্ছেন বাংলাদেশ এমপ্লয়ার্স ফেডারেশনের সি.কে. হায়দার ও কামরান টি রহমান।
এবারের সম্মেলনে ১৯৯৮ সালে গৃহীত আইএলও ঘোষণা- কর্মক্ষেত্রে মূলনীতি ও শ্রমিক অধিকার বিষয়ে সদস্য দেশগুলোর বাস্তবায়ন পরিস্থিতি বিশ্লেষণ করা হবে। এর অন্তর্ভুক্ত রয়েছে, সংঘবদ্ধ হওয়ার স্বাধীনতা ও যৌথ দরকষাকষির অধিকারের কার্যকর স্বীকৃতি, সকল ধরনের বল প্রয়োগ কিংবা বাধ্যতামূলক শ্র্রমের অবসান, শিশুশ্রমের কার্যকর বিলোপ সাধন এবং চাকরি ও পেশার ক্ষেত্রে বৈষম্য দূরীকরণ।
এছাড়াও এবারের সম্মেলনে প্রধান যে বিষয়গুলোর ওপর জোর দেয়া হবে তা হচ্ছে, পেশাগত স্বাস্থ্য ও নিরাপত্তা, সামাজিক নিরাপত্তা, যুবশ্রেণীর কর্মসংস্থান ও মর্যাদাপূর্ণ শোভন কাজ (ডিসেন্ট ওয়ার্ক)।
সেমিনারে বক্তারা বলেন, বাংলাদেশের প্রেক্ষাপটে এ বিষয়গুলো আজও সমস্যাই থেকে গেছে। কিছু কিছু সমস্যা আরও প্রকট হয়ে দেখা দিয়েছে। কর্মক্ষেত্রে দুর্ঘটনা ইস্যুতে তারা সাভারের বাইপাইলে গার্মেন্টস কারখানা ধসে শত শত শ্রমিক হতাহতের কথা স্মরণ করেন এবং আইএলও সম্মেলনে এ বিষয়গুলো শ্রমিক প্রতিনিধির পক্ষ থেকে জোরালোভাবে উত্থাপন করতে হবে বলে মত প্রকাশ করেন।
তারা বলেন, সরকার আইএলও কনভেনশন ও ঘোষণাসমূহ খুব সহজেই অনুসমর্থন করছে। কিন্তু তার বাস্তবায়ন পরিস্থিতি নাজুক।
আইএলও সম্মেলনে বাংলাদেশ কয়েক দশক ধরেই যোগ দিচ্ছে। কিন্তু এবারই প্রথম সম্মেলনে যোগ দিতে যাওয়ার আগে নির্বাচিত প্রতিনিধি দেশের সকল ট্রেড ইউনিয়ন ফেডারেশন নেতৃবৃন্দের সাথে মত বিনিময় করে বক্তব্য নির্ধারণ করলেন। এ উদ্যোগ গ্রহণের জন্য নেতৃবর্গ বিল্সকে ধন্যবাদ জানান।
২০০৪ সালেও আইএলও সম্মেলনে বাংলাদেশের শ্রমিক প্রতিনিধি হয়ে মো. জাফরুল হাসান জেনেভা যান। সে বছর তার সম্মেলন শেষে দেশে ফেরার পর বিল্স প্রথমবারের মতো শ্রমিক নেতৃবৃন্দের সাথে অভিজ্ঞতা বিনিময় সভার আয়োজন করে।
