র্যাবের সাথে বন্দুকযুদ্ধে এক চরমপন্থী নিহত
র্যাবের সাথে বন্দুকযুদ্ধের ঘটনায় শনিবার রাতে সিদ্দিক গাজী (৩৭) নামে এক চরমপন্থী নিহত হয়েছে। সে পূর্ববাংলার কমিউনিস্ট পার্টির একাংশের নেতৃত্বে ছিল বলে থানা সূত্রে জানা গেছে।
যশোরের অভয়নগর উপজেলার চেঙ্গুটিয়ার কাছে একটি ইটের ভাটার পাশে গুলিবিনিময়ের এই ঘটনা ঘটে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, অভয়নগর উপজেলার বালিডাঙ্গা গ্রামের জনৈক আক্কেল গাজীর পুত্র সিদ্দিক গাজীকে র্যাব-৬ খুলনা অঞ্চলের সদস্যরা বিকেলে তার বাড়ি থেকে আটক করে। রাত ৩টার দিকে তার স্বীকারোক্তি মোতাবেক র্যাব সদস্যরা তাকে নিয়ে চেঙ্গুটিয়ার ইট ভাটার পাশে গেলে আগে থেকে ওঁৎ পেতে থাকা তার সহযোগিরা তাকে ছিনিয়ে নেওয়ার জন্য গুলি করে। র্যাবও পাল্টা গুলি চালায়। এক পর্যায়ে সিদ্দিক গুলিবিদ্ধ হয়ে মারা যায়। র্যাব সদস্যরা তার কাছ থেকে পাকিস্তানের তৈরী একটি বন্দুক, এক রাউন্ড তাজা গুলি ও চার রাউন্ড গুলির খোসা উদ্ধার করেছে।
র্যাব জানায়, সিদ্দিক গাজীর বিরুদ্ধে অভয়নগর থানার আতিয়ার ও দিপু হত্যা মামলাসহ অস্ত্র ও ডাকাতির ৬টি মামলা রয়েছে।
