রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে ইন্টার্নী ডাক্তারদের কর্মবিরতি অব্যাহত
রাজশাহী মেডিকেল কলেজের এক ইন্টার্নী ডাক্তারকে রোগিনীর আত্মীয় স্বজনরা মারধর করায় শনিবার থেকে ইন্টার্নী ডাক্তারদের ডাকা কর্মবিরতি এখনও অব্যাহত রয়েছে।
দোষী ব্যক্তিদের প্রেপ্তার, দর্শনার্থীদের নির্দিষ্ট হারে হাসপাতালে প্রবেশের পাশ প্রদান এবং চিকিৎসকদের নিরাপত্তা নিশ্চিত করণের দাবিতে ৪০তম ব্যাচের ইন্টার্নী ডাক্তাররা রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালকের দপ্তরের সামনে অবস্থান ধর্মঘট কর্মসূচি পালন করে।
এ সময়ে দোষী ব্যক্তিদের গ্রেপ্তার না করা পর্যন্ত তারা ধর্মঘট চালিয়ে যাওয়ার ঘোষণা দেয়।
অন্যদিকে ইন্টার্নী ডাক্তার আসানুল্লাহ চৌধুরীকে মারধোর করার অভিযোগে শনিবার ১৩ জনের বিরুদ্ধে মামলা দায়ের করে। কিন্তু পুলিশ এখনও এ ঘটনায় কাউকে গ্রেপ্তার করতে পারে নি।
শনিবার হাসপাতালের ৬ নং ওয়ার্ডের দেয়াল মেরামতের সময় রওশন আরা নামে এক রোগিনীর শরীরে বালি ও সিমেন্ট পড়ায় কর্তব্যরত ডাক্তার আসানুল্লাহর সাথে রোগিনীর স্বামী আসাদুজ্জামানের কথা কাটাকাটি হয়। পরে ওয়ার্ড থেকে বেরিয়ে যাওয়ার সময় ৮/৯ জনের একটি দল আসানুল্লাহকে মারধর করে পালিয়ে যায়। চিকিৎসকরা অভিযোগ করে হামলাকারীরা ছিল ওই রোগিনীর আত্মীয়স্বজন।
