সম্মাননা গ্রহণ করতে ইউরোপের পথে তসলিমা
নির্বাসিত বাংলাদেশী লেখিকা তসলিমা নাসরীন রোববার বেশ কয়েকটি আন্তর্জাতিক সম্মেলনে যোগ দিতে এবং সম্মাননা গ্রহণ করতে ইউরোপের উদ্দেশ্যে ভারত ত্যাগ করেছেন।
ভারতে তার ভিসার মেয়াদ রোববারই শেষ হয়ে যায়। তিনি আশা প্রকাশ করে বলেন,এই বছরের শেষের দিকেই তিনি ফিরে আসবেন।
সকালে কালো টি-শার্ট ও জিন্স প্যান্ট পরিহিত তসলিমা ব্রিটিশ এয়ারওয়েজের একটি ফ্লাইটে লণ্ডন হয়ে স্টকহোমের পথে রওনা দেন।
তিনি বলেন, এখানকার মানুষ আমাকে যে সম্মান দেখিয়েছে সে কারণে আমি তাদের প্রতি কৃতজ্ঞ। ভারতের নাগরিকত্ব না পাওয়ায় আমার কোনও দুঃখ নেই।
ভারত ত্যাগের পূর্ব মূহুর্তে তসলিমা বলেন, আশা করছি আগামী অক্টোবরে নতুন ভিসা নিয়ে ফিরে এসে নাগরিকত্ব অথবা বসবাসের অনুমতির জন্য আবেদন করব।
বাংলাদেশের এই বিতর্কিত লেখিকার লেখা ‘লজ্জা’ বইটির জন্য মৌলবাদীদের হত্যা হুমকির পর থেকে তিনি ইউরোপ ও মার্কিন যুক্তরাষ্ট্রে অবস্থান নেন।
গত কয়েক মাস ধরে তিনি কলকাতায় অবস্থান করছেন। তিনি সুইডেনেও রাজনৈতিক আশ্রয় প্রার্থনা করেছেন।
তিনি বলেন, ২৬ মে আমি প্যারিসের আমেরিকান বিশ্ববিদ্যালয় থেকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি গ্রহণ করব। এছাড়া অনেকগুলো অনুষ্ঠানেও যোগ দেব।
তিনি আরও বলেন আগস্টে আমি বেলজিয়াম পার্লামেন্টের একটি পুরস্কার গ্রহণ করব।
তিনি তার নাগরিকত্বের ব্যাপারে বিরোধিতাকারী ইসলামী সংগঠনের কথা উল্লেখ করে বলেন, আমি জানি যে, অনেকেই আমার নাগরিকত্ব পাওয়ার ব্যাপারে বিরোধিতা করছে। আমি বলতে চাই ওই সকল মুসলিম সংগঠন ভারতের মুসলিম সম্প্রদায়ের প্রতিনিধিত্ব করে না।
তসলিমা বলেন, যদি ভারতীয় সরকার মৌলবাদীদের কথামত আমকে নাগরিকত্ব না দেয় তাহলে ভারতের ধর্ম নিরপেক্ষ ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হবে।
তিনি বলেন, ভারতীয় নাগরিকত্ব আইনের আওতায় অন্য দেশের লেখক শিল্পীদের নাগরিকত্ব দেওয়ার রীতি রয়েছে।
অনেক বুদ্ধিজীবীই আমার নাগরিকত্বকে সমর্থন করেন।
