পিরোজপুরে বিদ্যুৎ ঘাটতির কারণে মৎস সংরক্ষণ ব্যাহত হচ্ছে
অব্যাহত বিদ্যুৎ বিভ্রাটের কারণে পিরোজপুরের পাড়েরহাট মৎস বন্দরসহ উপকূলীয় এলাকার দেড় শতাধিক বরফ কলে চাহিদা অনুযায়ী বরফ উৎপাদন না হওয়ায় মাছ সংরক্ষণ ব্যাহত হচ্ছে।
দীর্ঘ লোডশেডিং, লোভোল্টেজ এবং অপর্যাপ্ত সরবরাহ এই বিদ্যুৎ বিভ্রাটের কারণ বলে জানা গেছে।
সূত্র জানায়, পিরোজপুর অঞ্চলের জেলেরা বঙ্গোপসাগরসহ বিভিন্ন নদীতে ইলিশসহ বিভিন্ন প্রজাতির মাছ শিকার করে থাকে। এসব মাছ বরফজাত করে দেশের বিভিন্ন বাজারে চালান দেয়া হয়। কিন্তু বরফের অভাবে মাছ সংরক্ষণ করতে না পারার জন্য প্রায়ই মাছ পঁচে যাচ্ছে। ফলে মাছ ব্যবসায়ীরা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে।
জানা যায়, পিরোজপুরের পাড়েরহাট মৎস বন্দর, পাথরঘাটা, খেপুপাড়া, আলিপুর, মহিপুর, শরণখোলা, মোড়েলগঞ্জসহ উপকূলীয় এলাকার দেড় শতাধিক বরফ কল থেকে বরফ নিয়ে মাছ ব্যবসায়ীরা মাছের নৌকা, ট্রলার এবং ট্রাকে বরফ মিশ্রিত করে। এসব মাছ ঢাকা, ফরিদপুর, খুলনা, বরিশাল, সাতক্ষীরা, কক্সবাজার, নোয়াখালীসহ উত্তর অঞ্চলের বিভিন্ন বাজারে বিক্রি করা হয়। কিন্তু এ অঞ্চলে ৬/৭ ঘন্টার বেশি বিদ্যুৎ থাকে না। একটি বরফ কলে কমপক্ষে ১৮ ডিগ্রি ফারেনহাইট তাপমাত্রা না থাকলে বরফ উৎপাদন সম্ভব নয়। এজন্য কমপক্ষে ২০ ঘন্টা বিদ্যুৎ সরবরাহ প্রয়োজন। ১৮ ডিগ্রি ফারেনহাইট তাপমাত্রা ধরে রাখতে হলে বরফকল অবিরাম চালু রাখা প্রয়োজন। চাহিদা অনুযায়ী বিদ্যুৎ সরবরাহ না হওয়ায় বরফ উৎপাদন দারুণভাবে ব্যাহত হচ্ছে। আর মৎসজীবীদের পড়তে হচ্ছে চরম বিপাকে।
বরফ কল মালিক সূত্র জানায়, চাহিদা অনুযায়ী বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে না পারলে অদূর ভবিষ্যতে এ অঞ্চলের বরফ কলগুলো বন্ধ হয়ে যাওয়ার আশংকা রয়েছে। ফলে সরকার বৃহৎ অংকের রাজস্ব থেকেও বঞ্চিত হবে বলে ধারণা করা হচ্ছে।
