বিলুপ্তির পথে চাঁদপুরের লবণ শিল্প
ব্যবসা-বাণিজ্যের জন্য চাঁদপুর নদী বন্দরের সুখ্যাতি থাকলেও বিভিন্ন কারণে তা আজ ম্লান হতে চলেছে। এককালে চাঁদপুরে লবণ শিল্পের জমজমাট ব্যবসা থাকলেও এখন তা বিলীন হতে চলেছে।
সূত্র জানায়, চাঁদপুর পুরাণবাজারে ৩৬টি ছোট-বড় লবণ কারখানা ছিল। এর মধ্যে বর্তমানে ১২টি লবণ মিলে কোনও মতে উৎপাদন কার্যক্রম চালু রয়েছে। বাকিগুলোর মধ্যে কোনটি ধীর গতিতে চলছে। বেশ কয়েকটি কারখানা সম্পূর্ণ বন্ধ রয়েছে।
সূত্র আরও জানায়, ১৯৮৯ সালে তৎকালীন সরকার পাঁচ বছর মেয়াদে দেশের সকল লবণ মিলগুলোতে আয়োডাইজড প্লান্ট স্থাপন করার একটি পরিকল্পনা গ্রহণ করে। সেই মোতাবেক চাঁদপুরের ৩৬টি লবণ মিলের মধ্যে ২৫টি মিলে আয়োডাইজড প্লান্ট বসানো হয়। ইউনিসেফ’র অর্থায়নে প্রতিটি প্লান্ট স্থাপনে সাত লাখ টাকা ব্যয় হয়। ১৯৯৩ সাল পর্যন্ত প্রতিটি মিলকে বিনামূল্যে আয়োডিন সরবরাহ করা হয়। পরবর্তী বছরগুলোতে বিশেষ ছাড়ে ২৫% কমিশনে এবং যথাক্রমে ৫০% থেকে ৭৫% কমিশনে ওই আয়োডিন বিসিকের মাধ্যমে সরবরাহ করা হয়। ২০০১ সাল পর্যন্ত এ সুযোগ ছিল।
আয়োডিন মানব দেহের অতি প্রয়োজনীয় একটি রাসায়নিক খনিজ পদার্থ। এদেশের গ্রাম্য জনগণের আয়োডিনের গুণাগুন সম্পর্কে ধারণা না থাকায় তারা বিভিন্ন সমস্যায় ভুগে থাকে। তাই সরকার মানব দেহের অতি প্রয়োজনীয় খনিজ আয়োডিনযুক্ত খাবার লবণের প্রয়োজনীয়তা অনুভব করে। সেই লক্ষ্যে সরকার ১৯৮৯ সালে আয়োডিনবিহীন লবণ ব্যবহার, বিক্রি, মজুদ, সরবরাহ, আমদানি ও পরিবহন সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করে। এ কারণেই কোটি কোটি টাকা ব্যয়ে চাঁদপুরসহ দেশের ২‘শ ৭৬টি লবণ মিলে এই প্লান্ট স্থাপন করা হয়। কিন্তু দুঃখজনক হলেও সত্য ১৯৯৮ সালে দেশে ভয়াবহ প্রলয়ংকারী বন্যার কারণে চাঁদপুরের সকল লবণ মিলগুলো প্লাবিত হয় এবং সংরক্ষিত কাঁচা লবণ সম্পূর্ণ বিলীন হয়ে যায়। ফলে ব্যবসায়ীরা ব্যাংক ঋণ পরিশোধে ব্যর্থ হওয়ায় চাঁদপুরের অধিকাংশ লবণ মিলগুলো আজও চালু করতে পারেনি এবং ঋণ পরিশোধ করতে মালিকরা ব্যর্থ হয়ে পড়ে।
বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন চাঁদপুরের একটি সূত্র জানায়, চাঁদপুরে বর্তমানে ১২টি লবণ মিলে উৎপাদন চলছে। ইতোমধ্যে যেসকল মিলের উৎপাদন বন্ধ রয়েছে সে মিলগুলোর ১১টির আয়োডাইজড প্লান্ট খুলে অন্যত্র সরিয়ে নেয়া হয়েছে। বাকিগুলোও খুলে ফেলার জন্য ইতোমধ্যে চিঠি এসেছে।
সূত্র আরও জানায়, চাঁদপুরের কোনও মিলই যেন আয়োডিনবিহীন লবণ উৎপাদন না করে সেজন্য নজর রাখা হচ্ছে এবং কোনও কোনও মিলের বিরুদ্ধে আইনগত ব্যবস্থাও নেয়া হয়েছে।
তবে একটি বিশেষ সূত্র জানায়, কোনও কোনও মিল রাতের অন্ধকারে উৎপাদিত আয়োডিনবিহীন লবণ জেলার প্রত্যন্ত চরাঞ্চলগুলোর হাট-বাজারে অধিক মুনাফা লাভের উদ্দেশ্যে বাজারজাত করে থাকে। আবার কোনও কোনও মিল পশু খাদ্যের অজুহাতে আয়োডিনবিহীন লবণ উৎপাদন করছে বলে জানা যায়।
এদিকে বিভিন্ন কারণে আগের মতো কাঁচা লবণ আমদানিকারকরা এখন আর চাঁদপুর আসতে চায় না। এছাড়া দেশের দক্ষিণাঞ্চলে অনেক লবণ মিল স্থাপন হওয়ার কারণেও চাঁদপুরে তাদের মোকাম করতে হচ্ছে না। এছাড়া পরিবহন খরচ কমানোর উদ্দেশ্যেও চাঁদপুরে আসা ছেড়ে দিয়েছে অনেক মোকামী। এসব মিলগুলোতে দিনে ও রাতে গড়ে দু’শ থেকে আড়াই‘শ শ্রমিক কাজ করত। মিলগুলো বন্ধ থাকায় এসব শ্রমিকদেরও এখন দুর্দিন।
