যুবলীগ নেতা নাঈমুলকে গ্রেফতার ও হয়রানি না করতে হাইকোর্টের নির্দেশ
হাইকোর্ট শনিবার কুষ্টিয়ার যুবলীগ নেতা ও ওয়ার্ড কমিশনার নাঈমুল ইসলামকে গ্রেফতার বা হয়রানি না করার জন্য সরকারকে নির্দেশ দিয়েছেন।
নাঈমুল ইসলামের দায়ের করা একটি রিট আবেদনের শুনানি শেষে হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন।
এর আগে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) ক্রসফায়ারে নাঈমুল ইসলামের ভাই এনামুল ইসলাম এনা নিহত হয়।
ক্রসফায়ারে এনা নিহত হওয়ার পর নাঈমুল ইসলাম র্যাব’র কার্যক্রমের বৈধতা চ্যালেঞ্জ করে একটি রিট আবেদন দায়ের করেন।
হাইকোর্ট ৯ মে কুষ্টিয়া জেলা ম্যাজিস্ট্রেটকে এনা নিহত হওয়ার ঘটনা তদন্ত করে আদালতে এর রিপোর্ট পেশ করার জন্যে একটি রুল জারি করেন।
সম্প্রতি পুলিশ নাঈমুলের খোঁজ করে। তার ভাইয়ের মতো তিনিও র্যাবের ক্রসফায়ারের শিকার হতে পারেন, এ আশঙ্কায় তিনি শনিবার আরেকটি রিট দায়ের করেন।
পুলিশ যাতে তাকে গ্রেফতার বা হয়রানি না করে, তিনি সে ব্যাপারে হাই কোর্টের আদেশ প্রার্থনা করেন।
সরকার ইতোমধ্যে জেলা ম্যাজিস্ট্রেটকে এনা নিহত হওয়ার ঘটনা তদন্ত করা এবং রিপোর্ট প্রদানের জন্যে হাইকোর্টের আদেশের বিরুদ্ধে জানিয়ে শনিবার আপিল বিভাগে আবেদন করেন।
আপিল বিভাগের চেম্বার জজ ১৮ মে এর শুনানির দিন ধার্য করেন।
বাদীর পক্ষে মামলাটি পরিচালনা করেন ব্যারিস্টার এম আমীর-উল ইসলাম। তাকে সহযোগিতা করেন ব্যারিস্টার শামসুল হাসান ও ব্যারিস্টার মঈন ফিরোজ। অন্যদিকে সরকার পক্ষে ছিলেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল ফিদা এম কামাল ও ডেপুটি অ্যাটর্নি জেনারেল আদিলুর রহমান খান।
