৩১ মে ঢাকায় বিমসটেকের ঊর্ধ্বতন কর্মকর্তাদের বৈঠক শুরু
‘বে অব বেঙ্গল ইনিশিয়েটিভ ফর মাল্টি-সেক্টরাল টেকনিক্যাল এণ্ড ইকনোমিক করপোরেশন’ বা বিমসটেকের সিনিয়র কর্মকর্তাদের দু দিন ব্যাপী বৈঠক আগামী ৩১ মে থেকে ঢাকায় অনুষ্ঠিত হবে।
এটি হবে বিমসটেকের সিনিয়র কর্মকর্তাদের নবম বৈঠক। বিমসটেকের সদস্য দেশগুলোর পররাষ্ট্র সচিবরা বৈঠকে অংশগ্রহণ করবেন।
সূত্র জানায়, হোটেল শেরাটনে অনুষ্ঠিতব্য বৈঠকে বাংলাদেশ পরবর্তী এক বছরের জন্য থাইল্যাণ্ডের কাছ থেকে ফোরামের চেয়ারম্যানশীপ গ্রহণ করবে।
বাংলাদেশ, ভারত, শ্রীলংকা, থাইল্যাণ্ড, মায়ানমার, নেপালএবং ভুটানের সমন্বয়ে গঠিত বিমসটেক একটি আঞ্চলিক গ্রুপ। বর্তমানে এই আঞ্চলিক জোট একটি উদীয়মান জোট হিসেবে এশিয়ার পূর্ব ও পশ্চিমাঞ্চলের মধ্যে সেতুবন্ধন হিসেবে কাজ করছে।
বিমসটেকের সাতটি সসদ্য দেশের মোট জনসংখ্যা বর্তমানে প্রায় ১ দশমিক ৩ বিলিয়নের কাছাকাছি। ২০০৩ সালে থাইল্যাণ্ডের সাথে গ্রুপের অন্যান্য সদস্য দেশগুলোর বাণিজ্যমুল্য ৩ বিলিয়ন মার্কিন ডলার ছাড়িয়ে যায়।
দু দিনের পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠকে বিমসটেকের এখন পর্যন্ত অর্জন, বিমসটেক মুক্ত বাণিজ্য অঞ্চল, বিমসটেক চেম্বার অব কমার্স প্রতিষ্ঠা এবং বাণিজ্য ও বিনিয়োগ, পরিবহন ও যোগাযোগ, পর্যটন, বিদ্যুৎ, মানব সম্পদ উন্নয়ন, কৃষি, মৎস, বিজ্ঞান ও প্রযুক্তি, জৈব প্রযুক্তি, আবহাওয়া জলবায়ু গবেষণা, প্রাকৃতিক দুর্যোগ কমিয়ে আনা ও ব্যবস্থাপনাসহ সহযোগিতার নির্দিষ্ট ক্ষেত্র চিহিৃত করা নিয়ে আলোচনা করা হবে।
এছাড়াও বৈঠকে সংস্কৃতি, শিক্ষা, গণস্বাস্থ্য, জীববৈচিত্র্য রক্ষা এবং ঐতিহ্যবাহী জ্ঞাণ, গ্রামীণ সম্প্রদায় উন্নয়ন, মাঝারি ও ক্ষুদ্র মানের প্রতিষ্ঠান, পরিবেশ, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, জৈব প্রযুক্তি, আবহাওয়া ও জলবায়ু গবেষণা এবং প্রাকৃতিক দুর্যোগ হ্রাস ও ব্যবস্থাপনার ক্ষেত্রে বিমসটেকের সহযোগিতা সম্প্রসারণ নিয়ে আলোচনা করা হবে।
