পাবলিক পরীক্ষা থেকে নকল প্রতিরোধ জোট সরকারের অন্যতম প্রধান সফলতা: শিক্ষা প্রতিমন্ত্রী
শিক্ষা প্রতিমন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, পাবলিক পরীক্ষা থেকে নকল প্রতিরোধ জোট সরকারের অন্যতম প্রধান সফলতা।
তিনি শনিবার এইচএসসি পরীক্ষার দ্বিতীয় দিনে টাঙ্গাইল জেলার বিভিন্ন পরীক্ষা কেন্দ্র পরিদর্শনকালে নকলমুক্ত পরিবেশে পরীক্ষা অনুষ্ঠিত হওয়ায় সন্তোষ প্রকাশ করে একথা বলেন।
তিনি বলেন, দলমত নির্বিশেষে সকলের সহযোগিতার ফলে এ সফলতা অর্জন করা সম্ভব হয়েছে। নকলমুক্ত পরিবেশে পরীক্ষা গ্রহণ অব্যাহত রেখে এ সফলতাকে ধরে রাখতে হবে।
প্রতিমন্ত্রী জেলার দেলদুয়ার সৈয়দ মহব্বত আলী ডিগ্রি কলেজ, মাওলানা ভাসানী কলেজ, সদর উপজেলার মাহমুদুল হাসান আদর্শ মহাবিদ্যালয়, দারুল উলুম আলিয়া মাদ্রাসা, মাওলানা মোহাম্মদ আলী সরকারী কলেজ ও ইসলামী বিশ্ববিদ্যালয় টেকনিক্যাল কলেজ প্রভৃতি কেন্দ্র পরিদর্শন করেন। প্রতিমন্ত্রীর সাথে বিএনপি’র কেন্দ্রীয় নেতৃবৃন্দ ও অতিরিক্ত জেলা প্রশাসক উপস্থিত ছিলেন।
