২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শমসেরনগর বিমানবন্দর কবে পুনরায় চালু হবে?

দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় বৃটিশদের দ্বারা নির্মিত শমসেরনগর বিমানবন্দরটি ছিল এশিয়া মহাদেশের দ্বিতীয় বৃহত্তম বিমানবন্দর। ১৯৪৭ সালে বিমানবন্দরটি তৎকালীন পাকিস্তানের অন্তর্ভূক্ত হওয়ার পর থেকে বিমানবন্দরের কোনও সংস্কার করা হয়নি।

মৌলভীবাজার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 May 2005, 01:35 PM

Updated : 26 Apr 2022, 05:39 PM

সূত্র জানায়, জেলার কুলাউড়া ও কমলগঞ্জের মধ্যবর্তী স্থানে অবস্থিত শমসেরনগর বিমানঘাঁটিকে ১৯৪৩ সালে শমসেরনগর বিমানবন্দরে উন্নীত করা হয়। ১৯৬৮ সাল থেকে এখানে বিমান চলাচল শুরু হয়। তৎকালীন সময়ে উক্ত বিমানবন্দর থেকে ঢাকা ও সিলেটে বিমান চলাচল করতো। কিন্তু পাকিস্তান এয়ারলাইন্সের একটি বিমান দুর্ঘটনার অজুহাতে বিমানবন্দরটি বন্ধ করে দেয়া হয়। তখন থেকে আজ অবধি বিমানবন্দরটি অযত্ন ও অবহেলায় পড়ে আছে।

হবিগঞ্জ ও মৌলভীবাজারের প্রায় আড়াই লাখ লোক ইউরোপ, ও মধ্যপ্রাচ্যে কর্মরত আছেন। প্রতিদিন এ জেলার প্রায় দুই শতাধিক লোক দেশ-বিদেশে আসা-যাওয়া করছেন। এসব যাত্রীদের ঢাকা ও সিলেট বিমানবন্দর ব্যবহার করতে হয়। শমসেরনগর বিমানবন্দর চালু হলে হবিগঞ্জ, মৌলভীবাজার, শ্রীমঙ্গল, কমলগঞ্জ, কুলাউড়া, বড়লেখা এবং নবীগঞ্জ উপজেলার যাত্রীদের আসা-যাওয়া সহজ হবে এবং যাত্রীসংখ্যা বৃদ্ধি পাবে এবং সরকারও বিপুল পরিমাণ রাজস্ব আদায় করতে পারবে।

সূত্র আরও জানায়, ১৯৯৫ সালে তৎকালীন সরকারের আমলে বেসরকারিভাবে এ্যারো বেঙ্গল নামে একটি ফ্লাইট সার্ভিস চালু হয়েছিল। আসন সংখ্যা কম হওয়ায় এবং পর্যাপ্ত স্থান সংকুলানের অভাবে, ঢাকায় আন্তর্জাতিক ফ্লাইট ধরতে অসুবিধা এবং অন্যান্য অসুবিধার কারণে যাত্রীগণ এ্যারো বেঙ্গলের ব্যাপারে আগ্রহ হারিয়ে ফেলে। ফলে একমাত্র ফা¬ইট সার্ভিসটিও বর্তমানে বন্ধ রয়েছে।

বেশ কয়েক জন এ ব্যাপারে বিডিনিউজকে জানান, বিগত সরকারের আমলে সিলেটের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী প্রয়াত আব্দুস সামাদ আজাদ, স্পীকার মরহুম হুমায়ূন রশীদ চৌধুরী, সাবেক অর্থমন্ত্রী মরহুম এএমএস কিবরিয়া, প্রধানমন্ত্রীর সংসদ বিষয়ক উপদেষ্টা সুরঞ্জিত সেনগুপ্ত, হুইপ উপাধ্যক্ষ মো. আব্দুস শহীদ, সাবেক সংসদ সদস্য সুলতান মোহাম্মদ মনসুর আহমেদসহ অনেক উচ্চ পদস্থ সচিব ও কর্মকর্তারা সুযোগ থাকতেও বিমানবন্দরটির ওপর নজর দেননি।

বর্তমান অর্থমন্ত্রী সাইফুর রহমান, প্রধানমন্ত্রীর একান্ত সচিব হারিছ চৌধুরী এবং সিলেটের অনেক সচিব ও কর্মকর্তাও এ মুহুর্তে এ ব্যাপারে নজর দিচ্ছেন না। অথচ তারা একটু সুনজর দিলেই পুনরায় বিমনবন্দরটি চালু করা সম্ভব হতে পারে। এলাকাবাসীর প্রত্যাশা সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এ ব্যাপারে দ্রুত ব্যবস্থা নেবেন।