বিমান প্রতিমন্ত্রী বঙ্গবন্ধু হত্যাসহ ২১ আগষ্ট হামলার চার ঘাতককে বিদেশে পাঠিয়েছে: শেখ হাসিনা
বিরোধী দলের নেতা ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা ২১ আগষ্ট গ্রেনেড হামলার ঘাতকদের বিদেশে পাঠানোর জন্য বিমান প্রতিমন্ত্রীকে দায়ী করেছেন।
তিনি বলেছেন, তাদের মধ্যে বঙ্গবন্ধু হত্যা মামলার পলাতক দুই আসামীও রয়েছে বলে আমরা জানতে পেরেছি। তাই এ সরকার এ ঘটনার কোন সুষ্ঠু তদন্ত করছে না। যে তদন্ত করেছে, তার রিপোর্টও জনসমক্ষে প্রকাশ করছে না।
তিনি জোট সরকারের দুর্নীতি ও দলীয়করণের সমালোচনা করে তাদের ক্ষমতা থেকে হটাতে রাজনৈতিক ও পেশাজীবী সংগঠনগুলোর ঐক্যের আহ্বান জানান।
শনিবার ঢাকার ইঞ্জিনিয়ার্স ইনষ্টিটিউশন মিলনায়তনে আয়োজিত পেশাজীবী সমন্বয় পরিষদের প্রথম জাতীয় কনভেনশনের প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
পরিষদের আহ্বায়ক ব্যারিষ্টার রোকনউদ্দিন মাহমুদের সভাপতিত্বে অনুষ্ঠিত এ কনভেনশনে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন গণফোরামের সভাপতি ড. কামাল হোসেন, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল জলিল, ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন, জাসদের সভাপতি হাসানুল হক ইনু, সিপিবির সাধারণ সম্পাদক মুজাহিদুল ইসলাম সেলিম, গণতন্ত্রী পার্টির সভাপতি আজিজুল ইসলাম খান, সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়–য়া, পরিষদের সদস্য সচিব ডা. কামরুল হাসান খান, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি ইকবাল সোবহান চৌধুরী, ঢাবি শিক্ষক সমিতির সভাপতি আআমস আরেফিন সিদ্দিক প্রমুখ।
শেখ হাসিনা মুক্তিযুদ্ধের সপক্ষের রাজনৈতিক ও পেশাজীবী সংগঠনগুলোর প্রতি ঐক্যের আহ্বান জানিয়ে বলেন, বৃহত্তর রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগ ঐক্যের জন্য যে কোন ত্যাগ স্বীকার করতে প্রস্তুত। একসাথে চলতে সব সময় প্রস্তুত আছি এবং থাকবো। আমি ঐক্যবদ্ধ হয়ে কাজ করার ওয়াদা ও শপথ করছি।
তিনি জনগণের ভোটের অধিকার ফিরিয়ে দেওয়ার অঙ্গীকার পুনর্ব্যক্ত করে বলেন, জনগণের অধিকার ফিরিয়ে দিতে অবশ্যই তত্বাবধায়ক সরকার ও নির্বাচন কমিশন সংস্কার করতে হবে। এ জন্য সকলকে একযোগে কাজ করতে হবে। ঐক্যবদ্ধ আন্দোলন ও সংগ্রামের মাধ্যমে সরকারকে দাবি মানতে বাধ্য করা হবে।
আওয়ামী লীগ সভানেত্রী তার ওপর গ্রেনেড হামলার কথা উল্লেখ করে বলেন, তারা একবার হামলা করেছে। বারবার হামলার চেষ্টা করবে। কিন্তু আমাকে মৃত্যুর ভয় দেখিয়ে কোন লাভ নেই। যতদিন বেঁচে আছি জনগণের সেবা করে যাবো।
তিনি বলেন, জোট সরকার জামাতের নীল নকশা নিয়ে কাজ করে। তাদের নীল নকশা ছাড়া কোন কাজ করে না। আগামী নির্বাচনে বিজয়ী হওয়ার সব নীল নকশা তারা চুড়ান্ত করেছে। তাদের অত্যাচারে দেশের মানুষ আজ অতিষ্ট। মানুষ আজ মুক্তি চায়।
তিনি বলেন, সংসদে গেলে কথা বলতে দেওয়া হয়না। তাই সংসদ অকার্যকর হয়ে গেছে। সংসদকে অকার্যকর করে তারা সংবিধান লংঘন করেছে। সরকার নিজেই চায়না সংসদ কার্যকর হোক।
