২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শিক্ষক ও ছাত্র বিনিময়ে ইরান-বাংলাদেশ সম্মত

দু দেশের মধ্যে ছাত্র ও শিক্ষক আদান প্রদানে সম্মত হয়েছে  ইরান এবং বাংলাদেশ। ইরানের বিভিন্ন বিশ্ববিদ্যালয় পরিদর্শন শেষে দেশে ফিরে বাংলাদেশের একটি  প্রতিনিধিদল শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Apr 2005, 07:19 PM

Updated : 26 Apr 2022, 05:36 PM

দলটি আরও জানান, ইরানের তেহরান এবং খোমেনী বিশ্ববিদ্যালয়ে বাংলা বিভাগ চালু করা হবে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইরানের আর্থিক সহায়তায় সেন্টার ফর পারসিয়ান ল্যাঙ্গুয়েজ গঠন করা হবে।

ইরানের বিভিন্ন বিশ্ববিদ্যালয় পরিদর্শন, একাডেমিক ও গবেষণা কার্যক্রম পর্যবেক্ষণ, মতবিনিময় এবং যৌথভাবে কাজ করতে ইরান সরকারের আমন্ত্রণে বাংলাদেশ বিশ্ববিদ্যালয়ের মঞ্জুরি কমিশনের চেয়ারম্যানের নেতৃত্বে চার সদস্যের এ দল সাত দিন ইরান সফর শেষে বৃহস্পতিবার দেশে ফিরেছেন।

বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান ড. আসাদুজ্জামানের নেতৃত্বে  ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এসএমএ ফায়েজ, ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়ার উপাচার্য় অধ্যাপক রফিকুল ইসলাম ও খুলনা বিশ্ববিদ্যালযের উপাচার্য অধ্যাপক মো. মাহবুবুর রহমান এ দলে ছিলেন।  

সফরকারীরা বলেন, ইরানের বিশ্ববিদ্যালয়গুলোর ৭০ ভাগই নারী এবং শিক্ষাব্যবস্থায় ও ইরানের অর্থনৈতিক উন্নয়নে নারীদের অবদানও ব্যাপক। দু দেশের মধ্যে যৌথভাবে কাজ করার যথেষ্ট সুযোগ রয়েছে বলেও আলোকচকবৃন্দ সংবাদ সম্মেলনে উল্লেখ করেন।

ড. আসাদুজ্জামানের সভাপতিত্বে সংবাদ সম্মেলনে প্রতিনিধিদলের সদস্যদের সাথে আরও উপস্থিত  ছিলেন বাংলাদেশে  ইরান দূতাবাসের  চার্জ দ্য অ্যাফেয়ার্স বেহেস্তি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ উপাচার্য আফম ইউসুফ হায়দার এবং ইরানিয়ান কালচারাল সেন্টারের কাউন্সিলার ড. হাশেমি।