মিটফোর্ড হাসপাতালে চিকিৎসকদের সভায় বোমা হামলা
রাজধানীর মিটফোর্ড হাসপাতালে শনিবার বিএমএ নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত প্যানেলের পরিচিতি সভা চলাকালে বোমা বিষ্ফোরণ ঘটেছে।
এতে হতাহতের কোনও খবর পাওয়া যায়নি। স্বাধীনতা চিকিৎসক পরিষদ পরে তাদের পরিচিতি সভাটিও করেছে।
পুলিশ সংবাদ পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয় কিন্তু সেখানে কোনও বোমা বিষ্ফোরণের ঘটনা ঘটেনি বলে তারা জানায়।
প্রত্যক্ষদর্শীরা জানায়, সকাল সাড়ে দশটায় পরিষদের সমর্থকরা একটি মিলনায়তনে সভার প্রস্তুতিমূলক কাজ করার সময় মিলনায়তনের বাইরে আট দশটি ককটেল বিষ্ফোরিত হয়।
এতে উপস্থিত সকলের মধ্যে আতংক ছড়িয়ে পড়ে এবং সবাই নিরাপদ অবস্থানের জন্য দৌড়াদৌড়ি শুরু করে।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের ডেপুটি কমিশনার (দক্ষিণ) মাজহারুল ইসলাম বিডিনিউজকে জানান, ওই এলাকায় কোনও বোমা বিষ্ফোরণ ঘটেনি। পার্শ্ববর্তী নির্মাণাধীন ভবনের কোনও বিকট শব্দে লোকজন আতংকিত হয়ে পড়ে।
বিএমএ নির্বাচন ৫ মে অনুষ্ঠিত হওয়ার কথা।
স্বাধীনতা চিকিৎসক পরিষদ মাহবুব-ইকবাল প্যানেলকে সমর্থন করছে।
