সমস্যা সমাধানে সরকার কিছুই করছে না, মানুষ পরিবর্তন চায়: জয়
আওয়ামী লীগ সভানেত্রী ও জাতীয় সংসদে বিরোধী দলীয় নেতা শেখ হাসিনা তনয় সজীব ওয়াজেদ জয় বলেছেন, বাংলাদেশ এখন সংকট অতিক্রম করছে, কিন্তু দেশের সমস্যা সমাধানে সরকার কিছুই করছে না। সন্ত্রাস, জঙ্গী মৌলবাদ, দুর্নীতি ও আইন-শৃঙ্খলার অবনতি নিয়ে সবাই উদ্বিগ্ন। দেশের মানুষ সরকারের ওপর ভীষণ অসন্তুষ্ট। তারা চায় পরিবর্তন।
শনিবার সকালে আমেরিকার উদ্দেশে ঢাকা ত্যাগের প্রাক্কালে জিয়া আন্তর্জাতিক বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে জয় এ কথা বলেন।
আগামী আগষ্টে আবার দেশে আসবেন উল্লেখ করে তিনি বলেন, এবারের ১৫ আগষ্ট জাতীয় শোক দিবসে আমি ঢাকায় থাকবো।
মা শেখ হাসিনা ছাড়াও আওয়ামী লীগ প্রেসিডিয়াম সদস্য শেখ ফজলুল করিম সেলিম এবং দল ও এর অঙ্গ সংগঠনের নেতারা এ সময় বিমানবন্দরে উপস্থিত ছিলেন।
জয় বলেন, দেশে এখন অর্থনৈতিক উন্নয়ন হচ্ছে না। তিনি দাবি করেন বিগত আওয়ামী লীগ সরকার আমলে দেশের যে উন্নয়ন হয়েছিল, বিএনপি’র বিগত সময় ও এবার মিলেও এতো উন্নয়ন হয়নি।
তিনি বলেন, দেশের মানুষ গরিব। অথচ খাদ্যসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম বেড়ে গেছে। মানুষ কষ্ট পাচ্ছে।
র্যাব অভিযানের সমালোচনা করে জয় বলেন, বিনা বিচারে মানুষ হত্যা হচ্ছে। অথচ, এখন র্যাবের প্রশংসা চলছে। আগামীতে র্যাব সন্ত্রাস করলে কে ঠেকাবে?
এক প্রশ্নের জবাবে শেখ হাসিনা তনয় বলেন, নেতা হওয়ার ইচ্ছে আমার নেই। আমি মা’কে সাহায্য করবো। শুধু আওয়ামী লীগ নয়, দেশের জন্যে কাজ করে যাবো আমি।
বাংলাদেশে তার দু’সপ্তাহের সফরকে সফল উল্লেখ করে জয় বলেন, বগুড়ায় দলীয় নেতা কর্মীর বাইরেও সাধারণ মানুষ যেভাবে অভ্যর্থনা জানিয়েছে, সংবর্ধনা দিয়েছে তাতে আমি মুগ্ধ, অভিভূত।
সজীব ওয়াজেদ জয় গত ১৪ এপ্রিল আমেরিকা থেকে দেশে এসেছিলেন।
