পাহাড়ে চলছে ভূমিগ্রাসের ঘৃণ্য রাজনীতি
পার্বত্য চট্টগ্রামের সর্বত্র এখন চলছে প্রকাশ্যে ভূমিগ্রাসের ঘৃণ্য রাজনীতি। দিনের পর দিন সরকার, প্রশাসন এমন কি নিরাপত্তা সংস্থার চোখের সামনে কথিত ‘উপজাতীয় অধ্যুষিত অঞ্চল’ এখন চলে যাচ্ছে ‘অউপজাতীয়’ বহিরাগতদের কাছে।
সরকারের শীর্ষস্থানীয় কর্মকর্তারা নাম প্রকাশ না করার শর্তে বিষয়টি স্বীকার করে বিডিনিউজকে বলেছেন, শান্তিচুক্তির আগে পাহাড়ে নিরাপত্তা বাহিনী ও সাবেক গেরিলা গ্র“প শান্তি বাহিনীর দ্বৈত শাসন ছিলো। কিন্তু চুক্তির পর পাহাড়ের পরিস্থিতি পাল্টে যায়। এখন সেখানে চলছে ভূমিগ্রাসের ওই অরাজকতা।
তারা বলেন, শান্তিচুক্তিতে পার্বত্যাঞ্চলকে ‘উপজাতীয় অধ্যুষিত অঞ্চল’ বলা হয়েছে। অথচ এখন পাহাড়ে যে হারে অপাহাড়িদের সংখ্যা বাড়ছে, আদিবাসী পাহাড়িদের ‘নিজ ভূমে পরবাসী’ হতে আর খুব বাকী নেই।
দূর্গম পাহাড়ে সরেজমিনে ঘুরে দেখা গেছে, মানবাধিকার লংঘনের ওই বেদনাদায়ক দৃশ্য।
পার্বত্য জেলা রাঙ্গামাটির পর্যটন স্থান সুবলঙের ইউপি চেয়ারম্যান বিহারী রঞ্জন চাকমা বিডিনিউজকে বলেন, আমাদের এখানে দিন দিন বাঙালি সেটেলারের সংখ্যা বাড়ছেই। পাহাড়িদের জমিজমা, জীবন ও নিরাপত্তা সবই এখন হুমকির মুখে। জমির দখলকে কেন্দ্র করে পাহাড়ি ও সেটেলাররা এখন মুখোমুখি অবস্থানে।
তিনি জানান, জমির বিরোধকে কেন্দ্র করে সম্প্রতি বরকলে এক জাতিগত দাঙ্গায় খুন হয়েছেন একজন পাহাড়ি।
সুবলঙ ইউপির সংরক্ষিত মহিলা আসনে পর পর দুবার নির্বাচিত সদস্য বনলতা চাকমা জানান, পাহাড়ে এখন জুমের (পাহাড়ের ঢালে বিশেষ ধরণের চাষাবাদ) ধান পেকেছে। ধান কাটার মৌসুমে আশংকা দেখা দিয়েছে আরেক দফা সাম্প্রদায়িক সংঘর্ষের।
অনুসন্ধানে জানা যায়, পার্বত্য জেলা খাগড়াছড়িতে জমিজমার বিরোধের সংখ্যা বেশী। জেলার পানছড়ি, মহালছড়ি, মাইচছড়ি, জয়সেন কারবারী পাড়া, লেমুছড়ি, কাটিংটিলা, বিজিতলা, গামারীতলাসহ অন্যান্য অঞ্চলে চলছে ভূমিগ্রাস।
রাঙ্গামাটির বরকল, সুবলঙ ছাড়াও কুরকুইজ্যা, বিল্যাছড়া, কাচালং মুখ, বাঘাইহাট, বান্দরবান জেলার সদর ও রুমা উপজেলায় চলছে একই রকম অরাজকতা।
জানা যায়, ১৯৯৭ সালের ২ ডিসেম্বর পার্বত্য শান্তিচুক্তি স্বাক্ষরের পর পাহাড়ে ভূমির বিরোধ নিরসনে গঠিত হয় ভূমি কমিশন। গত ছয় বছরেও ওই ভূমি কমিশন কার্যকর হয়নি। এ সময়ে কমিশনের কোনো বৈঠক না হওয়ায় খোদ পার্বত্য চট্টগ্রাম বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটি ক্ষোভ প্রকাশ করে।
১৯০০ সালের পার্বত্য চট্টগ্রাম আইন লংঘন করে প্রশাসন জমির বন্দোবস্তি দিচ্ছে। বন বিভাগও বাগান করার নামে বেআইনি বন্দোবস্তি দিচ্ছে পাহাড় ও টিলার।
পার্বত্য আঞ্চলিক পরিষদ চেয়ারম্যান ও জনসংহতি সমিতির সভাপতি জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় (সন্তু) লারমা বিডিনিউজকে বলেন, পাহাড়ে এখন চলছে অরাজকতা। জমিই আদিবাসী পাহাড়িদের প্রাণ। জমি থেকে পাহাড়িদের উচ্ছেদ করা হলে তারা ধ্বংস হয়ে যাবে।
সাবেক গেরিলা নেতা সন্তু লারমা বলেন, পাহাড়ে পরিকল্পিতভাবে চলছে জমিগ্রাস করে আদিবাসীদের ধ্বংস করার এক গভীর ষড়যন্ত্র। নিরাপত্তা বাহিনী ক্যাম্প ও প্রশিক্ষণ অঞ্চল সম্প্রসারণের নামেও করছে ভূমিগ্রাস করছে।
তিনি বলেন, শান্তিচুক্তি বাস্তবায়ন না করে উগ্র মুসলিম জাতীয়তা বিস্তার করে আদিবাসীদের এখন গলা টিপে মেরে ফেলার উপক্রম করা হয়েছে। জুম্ম (পাহাড়ি) জাতি এর বিরুদ্ধে রুখে দাঁড়াবেই।
বাংলাদেশের পূর্ব দক্ষিণাঞ্চলে অবস্থিত পার্বত্য চট্টগ্রামের মোট আয়তন ৫ হাজার ৯৩ বর্গমাইল। সেখানে পাহাড়ি ও বাঙালি মিলেয়ে এখন আনুমানিক জনসংখ্যা প্রায় ১৫ লাখ। এরমধ্যে বাঙালিদের সংখ্যাই এখন বেশী।
