২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘স্বাস্থ্যগত’ কারণে এটর্নি জেনারেল হাসান আরিফ পদত্যাগ করেছেন

এটর্নি জেনারেল এএফ হাসান আরিফ স্বাস্থ্যগত কারণ দেখিয়ে বৃহস্পতিবার পদত্যাগ করেছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Apr 2005, 09:35 PM

Updated : 26 Apr 2022, 05:36 PM

প্রধানমন্ত্রীর অফিস থেকে বুধবার সম্মতিসূচক সংকেত পাওয়ার পর বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২ টায় তার ব্যক্তিগত সচিব আইন মন্ত্রণালয়ে পদত্যাগ পত্র জমা দিয়ে আসেন। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ৩০ এপ্রিল বিকাল থেকে তার পদত্যাগ কার্যকর হবে।

বৃহস্পতিবার সন্ধ্যায় এলিফ্যান্ট রোডের নিজস্ব চেম্বারে সংবাদ মাধ্যমের সাথে আলাপকালে পদত্যাগকারি এটর্নি জেনারেল জানান, গত কয়েক মাস ধরেই আমি অনুভব করছিলাম যে এটর্নি জেনারেলের দায়িত্ব পালন করা স্বাস্থ্যগত কারণেই আমার পক্ষে সম্ভব নয়। পদত্যাগের সিদ্ধান্তটি আকস্মিক মনে হলেও প্রকৃতপক্ষে বিগত মে মাসেই আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে অব্যাহতি চেয়েছিলাম।

তিনি আরও বলেন, অবশেষে গতকাল (বুধবার) প্রধানমন্ত্রী সম্মতি জানানোর পর আজ (বৃহস্পতিবার) আমি আনুষ্ঠানিকভাবে পদত্যাগপত্র পেশ করেছি।

আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী ব্যারিস্টার মওদুদ আহমেদের সাথে এ বিষয়ে মন্তব্যের জন্য যোগাযোগ করা হলে তিনি বিডিনিউজকে জানান, হাসান আরিফ স্বাস্থ্যগত কারণে পদত্যাগ করেছেন। গত ছয় মাস ধরেই তিনি স্বাস্থ্য সমস্যার কারণে পদত্যাগ করার কথা বলে আসছিলেন।

অন্যদিকে, নির্ভরযোগ্য সূত্রে জানা যায় যে একটি মানবাধিকার সংস্থার সাথে সংশ্লিষ্টতার কারণে সরকার হাসান আরিফের ওপর বেশ কিছুদিন ধরে অসন্তুষ্ট ছিল।

সূত্র আরও জানায়, সরকারের স্বার্থ সংরক্ষণ সংক্রান্ত বিষয়ে হাসান আরিফের ভূমিকাও সরকারের কাছে যথেষ্ট প্রীতিপ্রদ মনে হচ্ছিল না।

তবে স্বাস্থ্য সমস্যার প্রকৃতি বিষয়ে পদত্যাগকারী এটর্নি জেনারেলকে প্রশ্ন করা হলে হাসতে হাসতে তিনি বলেন, প্রচণ্ড কাজের চাপের কারণে গত কয়েক মাসে আমি বেশ খানিকটা ওজন হারিয়েছি।

অবশ্য এ সময়ে তাকে যথেষ্ট সজীব ও প্রাণোচ্ছ্বল দেখাচ্ছিল।

সরকারের নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগকে পৃথকীকরণ বিষয়ে তার বক্তব্য জানতে চাওয়া হলে ‘বিষয়টি আদালতে বিবেচনাধীন’ বলে তিনি মন্তব্য করতে অস্বীকৃতি জানান।

দেশের রাজনীতিতে কোনও রকম সক্রিয় অংশগ্রহণের সম্ভাবনা নাকচ করে দিয়ে তিনি বলেন, আমি একজন আইন পেশাজীবী এবং এ হিসেবেই আমার কর্মজীবন শেষ করতে চাই।

তবে রাষ্ট্রের শীর্ষ আইন কর্মকর্তা হিসেবে তাঁর অভিজ্ঞতা নিয়ে ভবিষ্যতে বই লেখার ইচ্ছা রয়েছে বলে তিনি জানান।