রাজশাহী জেলায় সর্বাত্মক পরিবহণ ধর্মঘট পালিত
রাজশাহী জেলার সর্বত্র বৃহস্পতিবার স্বত:স্ফূর্তভাবে পরিবহণ ধর্মঘট পালিত হয়। তবে বিকাল পর্যন্ত জেলার কোথাও কোনও অপ্রীতিকর ঘটনার সংবাদ পাওয়া যায় নি।
ধর্মঘটের ফলে বৃহস্পতিবার রাজশাহীর সাথে সারাদেশের বাস, মিনিবাস ও ট্রাক চলাচল বন্ধ ছিল। ফলে মহানগরীর জীবন যাত্রা মারাত্মকভাবে ব্যাহত হয়।
গত রোববার টাঙ্গাইলের মির্জাপুরের পাকুল্যায় পুলিশের গুলিতে রাজু আহমেদ রাজু নামে এক বাস চালক নিহত হওয়ার প্রতিবাদে রাজশাহী জেলা মোটর শ্রমিক ইউনিয়ন এই ধর্মঘটের ডাক দেয়। বাংলাদেশ সড়ক পরিবহণ শ্রমিক ফেডারেশন উত্তরাঞ্চল কমিটি ধর্মঘটের সাথে একাত্মতা প্রকাশ করে।
বৃহস্পতিবার ধর্মঘট চলাকালে রাজশাহী জেলা মোটর শ্রমিক ইউনিয়ন মহানগরীতে বিক্ষোভ মিছিল করে। এ সময়ে ইউনিয়নের নেতা-কর্মীরা রাজু হত্যার দায়ে মির্জাপুর থানার ওসি’র ফাঁসির দাবি জানায়।
