রাজশাহীর গোদাগাড়ীতে কালাজ্বর মহামারীর রূপ নিচ্ছে
রাজশাহীর গোদাগাড়ীর বিভিন্ন ইউনিয়নে কালাজ্বর মহামারী আকারে দেখা দিচ্ছে। আক্রান্ত রোগীদের সুচিকিৎসা ও প্রতিরোধ কর্মসুচী গ্রহণের দাবিতে বুধবার এলাকাবাসী গোদাগাড়ী উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার কার্যালয় ঘেরাও করে স্মারকলিপি দিয়েছে।
স্মারকলিপিতে বলা হয়েছে, ক্রমাগত কালাজ্বরের প্রকোপ বেড়ে চললেও স্বাস্থ্য বিভাগ এখন পর্যন্ত কার্যকর পদক্ষেপ না নেওয়ায় মানুষ মৃত্যু ঝুঁকির মুখে পড়েছে। বিভিন্ন ইউনিয়নে কালাজ্বরে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে দু শতাধিক। এ পর্যন্ত মারা গেছে ৩০ জন। এলাকা বাসীর অভিযোগ দীর্ঘ সময় ধরে কালাজ্বর চলতে থাকলেও স্বাস্থ্য বিভাগ এ বিষয়টিতে গুরুত্ব দিচ্ছেনা।
স্মারকলিপি প্রদান শেষে সমাবেশে বক্তব্য রাখেন জেলা ওয়ার্কাস পার্টির সম্পাদক রফিকুল ইসলাম পিয়ারুল, কামরুল হাসান, মনিরুল ইসলামসহ আরও অনেক এলাকাবাসী।
সমাবেশে বক্তারা বলেন, অবিলম্বে কালাজ্বর নিয়ন্ত্রণসহ আক্রান্তদের সুচিকিৎসার ব্যবস্থা করা না হলে এলাকাবাসী বৃহত্তর আন্দোলন গড়ে তুলবে।
