ঢাকায় জানাজা শেষে সামাদ আজাদের মরদেহ সিলেটে প্রেরণ
পল্টন ময়দানে নামাজে জানাজা শেষে বৃহস্পতিবার বর্ষিয়ান রাজনীতিক ও সাবেক পররাষ্ট্র মন্ত্রী আব্দুস সামাদ আজাদের মরদেহ হেলিকপ্টারযোগে সিলেট পাঠানো হয়েছে।
সিলেট, সুনামগঞ্জ ও তার নিজ গ্রাম জগন্নাথপুরে একাধিক জানাজা শেষে বিকেলে মৃতদেহ একই হেলিকপ্টারে ঢাকায় আনা হবে। আসর নামাজের পর বনানী গোরস্থানে তাকে সমাহিত করা হবে।
সকালে পল্টন ময়দানে অনুষ্ঠিত নামাজে জানাজায় রাষ্ট্রপতি অধ্যাপক ড. ইয়াজউদ্দিন আহমদ ছাড়াও হাজার হাজার রাজনৈতিক নেতা-কর্মী ও সর্বস্তরের মানুষ অংশ নেন।
এর আগে তার মৃতদেহ ২৩, বঙ্গবন্ধু এভিনিউ’র দলীয় কার্যালয়ের সামনে নেওয়া হয়। সেখানে হাজার হাজার শোকার্ত মানুষ সামাদ আজাদের কফিনে পুষ্পার্ঘ অর্পণের মাধ্যমে শ্রদ্ধা জানান।
সকালে তার মৃতদেহ কলাবাগানের বাসায় নেয়া হলে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা, রাজনৈতিক নেতৃবৃন্দ ছাড়াও বিভিন্ন দেশের কুটনীতিকরা সামাদ আজাদের প্রতি শ্রদ্ধা জানান।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ঠ ও বিশ্বস্ত সহকর্মী আলহাজ্ব আব্দুস সামাদ আজাদ তার দীর্ঘ ও বর্ণাঢ্য রাজনৈতিক জীবন শেষে বুধবার সন্ধ্যায় ঢাকায় বারডেম হাসপাতালে ইন্তেকাল করেন।
