বর্ষীয়ান জাতীয় নেতা আব্দুস সামাদ আজাদ আর নেই, ১ম লিড
বর্ষীয়ান জাতীয় নেতা, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ঠ সহকর্মী, বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতিমন্ডলীর সদস্য ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী আব্দুস সামাদ আজাদ এমপি আর নেই। রাজধানীর বারডেম হাসপাতালে বুধবার বিকেলে তিনি শেষ নি:শ্বাস ত্যাগ করেন। তাঁর বয়স হয়েছিল ৭৯ বছর।
বিকেল ৫টা ৫৫ মিনিটে বারডেম হাসপাতালের চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন।
রাজপথ ও জাতীয় সংসদে সক্রিয় রাজনৈতিক নেতা আব্দুস সামাদ রাজনৈতিক নেতা ও কর্মীদের কাছে ‘চিরসবুজ’ হিসেবে পরিচিত ছিলেন। বিরোধী দলের নেতা শেখ হাসিনা আব্দুস সামাদ আজাদকে শ্রদ্ধার সাথে ‘চাচা’ বলে সম্বোধন করতেন। শুধু তাই নয়, দলের অন্য নেতৃবৃন্দ ও কর্মীরা, সাংবাদিক ও পেশাজীবীরা তাকে একই নামে ডাকতেন।
মৃত্যুকালে তিনি তিন ছেলে, এক মেয়ে, আত্মীয়-স্বজন ও অগণিত শুভাকাক্সিক্ষ রেখে গেছেন।
তাঁর মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার সাথে সাথে দেশের রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া নেমে আসে। সামাদ আজাদকে শেষ দেখা দেখতে বিভিন্ন রাজনৈতিক দল ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ বারডেম হাসপাতালে ভিড় করে।
এ সময় জাতীয় সংসদের স্পীকার ব্যারিস্টার জমিরউদ্দিন সরকার, আওয়ামী লীগ, বিএনপি ও বাম রাজনৈতিক সংগঠনগুলোর নেতৃবৃন্দ ও সংসদ সদস্যরা বারডেম হাসপাতালে তাকে শেষ শ্রদ্ধা নিবেদন করতে সমবেত হন।
২০০৪সালের আগস্ট মাসে অসুস্থ হয়ে পড়লে তাঁকে চিকিংসার জন্য মাদ্রাজ পাঠানো করা হয়। সেখানে তাঁর অপারেশন হয়। আবারও গত বছরের নভেম্বর মাসে তাঁকে মাদ্রাজ নিয়ে যেতে হয়। পরে চিকিৎসা শেষে তিনি দেশে ফিরে আসেন।
মরহুমের পারিবারিক সূত্রে জানা যায়, সামাদ আজাদের প্রথম নামাজে জানাজা কলাবাগান মসজিদে অনুষ্ঠিত হবে। আইসিডিডিআরবি’র হিম ঘরে তাঁর মরদেহ রাখা হবে।
জনগণকে শেষ শ্রদ্ধা নিবেদনের জন্য বৃহস্পতিবার সকালে সামাদ আজাদের মরদেহ তাঁর কলাবাগানের বাসভবনে নিয়ে আসা হবে।
তাঁর মরদেহ বৃহস্পতিবার হেলিকপ্টার যোগে সিলেট ও সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় নিয়ে যাওয়া হবে। সেখানে জানাজা শেষে দাফনের জন্য মরদেহ আবার ঢাকায় ফিরিয়ে আনা হবে। বনানী কবরস্থানে স্ত্রী নূর নাহার সামাদের পাশে তাঁকে দাফন করা হবে।
ভারত থেকে চিকিৎসা শেষে ফিরে এসেও তিনি রাজনীতিতে সক্রিয় হয়ে ওঠেন, এমনকি রাজপথের আন্দোলনেও নেতৃত্ব দান করেন। একুশে ফেব্র“য়ারি কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পার্ঘ্য অর্পণের পর তিনি আবার অস্স্থু হয়ে পড়েন। তখন তাকে বারডেম হাসপাতালে ভর্তি করা হয়।
দীর্ঘ ৬৫ বছরের রাজনৈতিক জীবনে আব্দুস সামাদ আজাদ ভাষা আন্দোলন, গণতান্ত্রিক আন্দোলন, স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের সংগ্রামে সাহসী ভূমিকা রাখেন। বিভিন্ন জাতীয় গুরুত্বপূর্ণ আন্দোলনে তিনি জাতির জনক বঙ্গবন্ধু’র বিশ্বস্ত সহযোগী হিসেবে দায়িত্ব পালন করেন। রাজনৈতিক জীবনের বেশিরভাগ সময়ই তাঁর কেটেছে বিরোধী শিবিরে।
১৯৫৪ সালে প্রথম যুক্তফ্রন্টের টিকিটে তিনি এমএলএ নির্বাচিত হন। ১৯৮৬ সালে সামরিক শাসনামলের নির্বাচন ছাড়া কখনও তিনি পরাজিত হননি।’৭০, ’৭৩, ’৯১, ’৯৬ ও ২০০১ সালের নির্বাচনে তিনি বিপুল ভোটে নির্বাচিত হন।
১৯৫৮ সালে সামরিক শাসনামলে তিনি গ্রেফতার হয়ে চার বছর কারাবন্দি ছিলেন।
একাত্তরের রক্তাক্ত মুক্তিযুদ্ধের সময় তিনি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বিশেষ প্রতিনিধি হিসেবে সারা দুনিয়ায় মহান মুক্তিযুদ্ধের পক্ষে জনমত গঠনে বলিষ্ঠ ভূমিকা পালন করেন। দেশ স্বাধীন হওয়ার পর বঙ্গবন্ধু সরকারে তিনি প্রথম পররাষ্ট্রমন্ত্রী ও পরে কৃষিমন্ত্রীর দায়িত্ব পালন করেন।
১৯৭৫সালে বঙ্গবন্ধু সপরিবারে নিহত হওয়ার পর জাতীয় চার নেতাসহ অন্যদের সঙ্গে তিনিও কারাবন্দি হন। ’৭৮ সালে মুক্তি লাভের পর তিনি আবার রাজনীতিতে সক্রিয় হয়ে ওঠেন।
১৯৯১ সালে জাতীয় সংসদের বিরোধী দলের উপনেতা হিসেবে নির্দলীয়, নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠার আন্দোলনে দায়িত্বশীল ভূমিকা রাখেন। ১৯৯৬ সালে শেখ হাসিনার সরকারেও তিনি পররাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন।
আলহাজ্ব আবদুস সামাদ আজাদ ১৯২৬ সালের ১৫ জানুয়ারী সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর থানার ভুরাখালী গ্রামে জন্মগ্রহণ করেন। তাঁর পিতা ছিলেন স্থানীয় বিশিষ্ট সমাজকর্মী মরহুম মোহাম্মদ শরিয়ত উল্লাহ।
গ্রামের স্কুলে প্রথমিক শিক্ষা জীবন শেষ করে ১৯৪৩ সালে তিনি সুনামগঞ্জ শহরের সরকারি উচ্চ বিদ্যলয় থেকে মেট্রিক পাস করেন। সিলেটের মুরারী চাঁদ কলেজ থেকে ১৯৪৮ সালে øাতক ডিগ্রি লাভ করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে আইন ও ইতিহাস শাস্ত্রে পড়াশুনা করেন।
১৯৫৮ সালে সিরাজগঞ্জ জেলার এক রাজনৈতিক পরিবারের কন্যা নূর নাহারকে বিয়ে করেন। নূর নাহার সামাদ ছিলেন তার সফল রাজনৈতিক জীবনের এক সহকর্মী। ১৯৯৭ সালে নূর নাহার সামাদ মৃত্যু বরণ করেন।
সামাদ আজাদের বড় ছেলে আজিজুস সামাদ ডন ও ছোট ছেলে তৌফিক সামাদ ঢাকায় থাকেন। আজিজুস সামাদ ডন তাঁর বাবার প্রেরণায় ইতোমধ্যে রাজনীতিতে সক্রিয় হয়ে উঠেছেন। মেজ ছেলে আতিকুস সামাদ ও একমাত্র কন্যা নাফিজা নূর শিল্পী দেশের বাইরে থাকেন।
