২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নগরীতে স্কুল ছাত্রী নির্যাতনের বিরুদ্ধে বিক্ষোভ

নগরীরর টিকাটুলির শেরে বাংলা গার্লস স্কুল এণ্ড কলেজে এক শিক্ষক কর্তৃক ছাত্রীকে যৌন হয়রানির বিরুদ্ধে শিক্ষার্থীরা বুধবার বিক্ষোভ প্রদর্শন করে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Apr 2005, 06:00 PM

Updated : 26 Apr 2022, 05:35 PM

প্রত্যক্ষ্যদর্শী, পুলিশ ও র‌্যাব সূত্র জানায়, বিক্ষুব্ধ শিক্ষার্থীরা স্কুল ভবনের জানালার কাচ ও মূল্যবান আসবাব ভাংচুর করে। সকাল ১১ টার দিকে তারা স্লোগান দিতে দিতে রাস্তায় নেমে আসে।

বিক্ষুব্ধ শিক্ষার্থীদের অভিযোগ, স্কুলের শিক্ষক রুহুল আমিন পঞ্চম শ্রেনীর এক ছাত্রীকে যৌন হয়রানি করেছে। পরবর্তীকালে কর্তৃপক্ষ অভিযুক্ত শিক্ষককে বরখাস্ত করে।

শিক্ষা প্রতিষ্ঠানটির অধ্যক্ষা হোসনে আরা শহিদ ঘটনা সম্পর্কে বলেন, তারা অভিযোগটি গুরুত্বের সাথে দেখছেন এবং শিক্ষকটির বিরুদ্ধে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হবে। ইতোমধ্যেই আমরা তাকে বরখাস্ত করেছি, তিনি জানান।

সূত্র জানায়, রুহুল আমিন গত বৃহস্পতিবার ছাত্রীটিকে রুমে ডেকে নিয়ে গিয়ে যৌন হয়রানির চেষ্টা চালায়।

উত্তেজিত শিক্ষার্থীরা জানায়, ছাত্রীটি বাসায় ফিরে ঘটনাটি তার মা বাবাকে জানায়।

তারা আরও জানায়, ছাত্রীর অভিভাবক বিষয়টি স্কুল কর্তৃপক্ষকে জানালে তাদের আবেদনটি বিফল হয়।

গত সোমবার বিষয়টি শিক্ষার্থীদের মধ্যে জানাজানি হলে পরিস্থিতি জটিল হয়ে পড়ে।

তারা এ ঘটনার প্রতিবাদ জানায় এবং ওই শিক্ষককে বরখাস্তের দাবি করে। কিন্তু শিক্ষার্থী ও অভিভাবকদের প্রতিবাদের মুখেও কর্তৃপক্ষ অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে কোনও পদক্ষেপ নেয়নি।

শিক্ষার্থীরা বুধবার সকাল ১১ টায় বিক্ষোভ মিছিল নিয়ে রাস্তায় নেমে আসে এবং জয়কালি মন্দির থেকে গুলশান যাত্রাবাড়ি রোডে আধা ঘন্টার জন্য ব্যারিকেড দেয়।

পুলিশ জানায়, তারা স্লোগান দিয়ে ওই শিক্ষকের বরখাস্ত এবং অবিলম্বে গ্রেফতারের দাবি করে।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের ইস্ট জোনের ডিসি মাহবুবুল আলম বিডিনিউজকে বলেন, অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।