২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ব্যাংককে বিমসটেক’র আসন্ন বৈঠকে সন্ত্রাসবাদে অর্থায়ন বিষয়টি প্রাধান্য পাবে

আসন্ন বিমসটেক সাব-গ্রুপ বৈঠকে প্রধান আলোচ্য বিষয় থাকবে ‘সন্ত্রাসবাদকে অর্থ সহায়তা’। আগামী ২৮-২৯ এপ্রিল ব্যাংককে এ বৈঠক অনুষ্ঠিত হবে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Apr 2005, 06:10 PM

Updated : 26 Apr 2022, 05:36 PM

বিমসটেক (বে অব বেঙ্গল ইনিশিয়েটিভ ফর মাল্টিসেক্টরাল টেকনিক্যাল অ্যাণ্ড ইকোনোমিক কোঅপারেশন) হচ্ছে বাংলাদেশ, ভারত, শ্রীলংকা, থাইল্যাণ্ড, মায়ানমার, নেপাল ও ভুটানকে নিয়ে গঠিত একটি আঞ্চলিক সংস্থা। এশিয়ার পূর্ব ও পশ্চিমাঞ্চলের মধ্যে সেতু বন্ধন হিসেবে কাজ করার জন্য সংস্থাটির জন্ম।

সূত্র জানায়, এ অঞ্চলে সন্ত্রাসবাদকে অর্থায়ন একটি ব্যাধিতে পরিণত হওয়ায় গ্রুপের সদস্যরা আসন্ন ফোরামে এ বিষয়ে আলোচনা করার সিদ্ধান্ত নিয়েছেন। তাছাড়া জাতিসংঘও এ বিষয়ে অগ্রাধিকার প্রদান করছে।

বাংলাদেশের পররাষ্ট্র ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দু জন প্রতিনিধি বৈঠকে যোগ দেবেন।

সূত্র জানায়, বৈঠকে সদস্য রাষ্ট্রগুলো তাদের দেশের অবস্থা তুলে ধরবে এবং সন্ত্রাসবাদে কিভাবে অর্থায়ন হ্রাস করা যেতে পারে সে বিষয়ে পরিকল্পনা গ্রহণ করবে।

সূত্র আরও জানায়, সন্ত্রাসী গ্রুপগুলোর অর্থ সহায়তা বন্ধ করতে বাস্তবসম্মত কি উপায় গ্রহন করা যেতে পারে বাংলাদেশ সে ব্যাপারে প্রস্তাব করবে।

আন্তর্জাতিক সন্ত্রাসবাদ মোকাবেলায় বাংলাদেশ সম্প্রতি আটটি সন্ত্রাসবিরোধী সনদ অনুমোদন করেছে। এর মধ্যে অন্যতম হচ্ছে জাতিসংঘ নিরাপত্তা কাউন্সিল সনদ। যুক্তরাষ্ট্রে ১১ সেপ্টেম্বরের হামলার পর এটি পাশ হয়।

বিশ্বব্যাপী আন্তর্জাতিক সন্ত্রাসবাদ মোকাবেলার জন্য জাতিসংঘের সকল সদস্যকে স্বাক্ষর করার আহ্বান জানিয়ে নিরাপত্তা কাউন্সিল ২০০১ সালের ২৮ সেপ্টেম্বর সর্বসম্মতভাবে ১১৩৭ সনদ পাস করে।

এর আগে বাংলাদেশ সন্ত্রাসবাদ সংক্রান্ত তিনটি সনদ অনুমোদন করে। পরে এ সংখ্যা দাঁড়ায় ১১ তে। আর এটি অনুমোদন করলে বাংলাদেশ জাতিসংঘ নিরাপত্তা কাউন্সিলের মোট ১২ টি সনদ অনুমোদন করবে।

সূত্র জানায়, সন্ত্রাসী গ্রুপের তহবিল সংগ্রহ বিষয়ে উত্থাপিত দ্বাদশ সনদটি বাংলাদেশ সরকার খুব শিগগিরই অনুমোদন করবে। এ বিষয়ে অর্থ সচিবের নেতৃত্বে ইতোমধ্যে একটি সাব কমিটি কাজ করছে।

সাম্প্রতিক বছরগুলোতে বিমসটেক সদস্য রাষ্ট্রসমূহ বিশেষ করে ভারত, নেপাল, শ্রীলংকা ও মায়ানমার বিভিন্ন জঙ্গি সমস্যার সম্মুখীন হয়েছে। এ সব দেশ অভিযোগ করছে যে সন্ত্রাসী গ্রুপগুলো দেশের বাইরের কোনও গোষ্ঠীর সহায়তায় এসব কর্মকান্ড চালাচ্ছে।

১৯৯৭ সালের ৬ জ্নু ব্যাংককে বাংলাদেশ, ভারত, শ্রীলংকা, থাইল্যাণ্ড অর্থনৈতিক সংস্থা (বিসটেক) নামে একটি আঞ্চলিক সাব গ্রুপ গঠিত হয়। পরে মায়ানমার পূর্ণ সদস্য হিসেবে যোগ দেয়ায় এর নাম হয় বিমসটেক।

বিমসটেকের আওতায় প্রায় এক দশমিক তিন বিলিয়ন জনসংখ্যা রয়েছে এবং ২০০৩ সালে থাইল্যাণ্ড ও অন্যান্য দেশগুলোর মধ্যে বাণিজ্য বিনিময় তিন বিলিয়ন মার্কিন ডলারেরও বেশি।

থাইল্যাণ্ড ও দক্ষিণ এশিয়ার মধ্যে বাণিজ্য, বিনিয়োগ ও পর্যটন সুবিধা বাড়াতে বিমসটেক একক সংস্থা হিসেবে কাজ করছে।