ঢাকা দ্রুত সার্ক সম্মেলন চায়: পররাষ্ট্রমন্ত্রী
পররাষ্ট্রমন্ত্রী এম মোরশেদ খান বুধবার বলেছেন, প্রকৃত আঞ্চলিক সহযোগিতা বজায় রাখার জন্য স্থগিত ১৩তম সার্ক শীর্ষ সম্মেলন দ্রুত অনুষ্ঠিত হওয়া জরুরি।
তিনি আশা প্রকাশ করেন, বহু প্রতীক্ষিত এ সম্মেলন সকল সদস্যের কাছে গ্রহণযোগ্য তারিখে শীঘ্রই অনুষ্ঠিত হবে। পররাষ্ট্রমন্ত্রী জানান, জাকার্তায় আফ্রো-এশীয় শীর্ষ সম্মেলন চলাকালে তিনি এ ব্যাপারে ভারতের সম্মতির কথা পাকিস্তানী প্রেসিডেন্ট পারভেজ মোশাররফকে জানিয়েছেন।
বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল এন্ড স্ট্রাটেজিক স্টাডিজ (বিস্) আয়োজিত ‘সার্কের ভবিষ্যত এবং বাংলাদেশ’ শীর্ষক এক সেমিনারে বক্তৃতাকালে মোরশেদ খান বলেন, সার্কভুক্ত দেশগুলোর রাজনৈতিক সদিচ্ছার ওপরই নির্ভর করছে দক্ষিণ এশিয়ার ভবিষ্যত। বাংলাদেশ এখনও সার্কের সাথে গভীরভাবে জড়িয়ে আছে।
বিস্ চেয়ারম্যান মুফলেহ আর ওসমানীর সভাপতিত্বে সেমিনারে উপস্থিত ছিলেন প্রাক্তন রাষ্ট্রদূত, কুটনৈতিক ও উর্ধ্বতন সরকারি কর্মকর্তাগণ।
সাবেক রাষ্ট্রদূত আবুল আহসান ‘১৩তম সার্ক সম্মেলনের দৃশ্যপট’ শীর্ষক মূল প্রবন্ধ এবং সাবেক পররাষ্ট্র সচিব সিএম শাফি সামি ‘বাংলাদেশের প্রেক্ষাপটে সার্কের ভবিষ্যত’ শীর্ষক প্রবন্ধ উপস্থাপন করেন।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, দক্ষিণ এশিয়া বর্তমান বিশ্বের উদীয়মান অর্থনৈতিক শক্তি। আবার এ অঞ্চলের দেশগুলোকে দারিদ্র্য এবং প্রাকৃতিক দুর্যোগের মতো সম্মুখিন সমস্যার হতে হচ্ছে। এসব দুর্যোগ মোকাবেলার জন্য আঞ্চলিক সহযোগিতার প্রয়োজন। সার্ক এসব সমস্যা সামধানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
দক্ষিণ এশীয় দেশগুলোতে অবাধ বাণিজ্যের প্রয়োজনীয়তার কথা উল্লেখ করে মোরশেদ খান বলেন, চারটি ইস্যুকে সামনে রেখে সাফটা চুক্তি বাস্তবায়নে উদ্যোগ গ্রহণ করা হবে। এগুলো হচ্ছে, রুলস অব অরিজিন, সেনসিটিভ লিস্ট, স্বল্পোন্নত দেশগুলোর রাজস্ব ঘাটতি ক্ষতিপূরণ এবং এসব দেশসমূহে কারিগরি সহযোগিতা প্রদান।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, ইস্যুগুলো উপস্থাপন করা না হলে সাফটা বাস্তবায়ন কঠিন হবে।
বাংলাদেশের বিভিন্ন সীমান্তে বাংলাদেশ রাইফেল (বিডিআর) এবং ভারতের বর্ডার সিকিউরিটি ফোর্সের (বিএসএফ) মধ্যে সাম্প্রতিক সংঘর্ষের ব্যপারে সেমিনারে আলোচনা হয় এবং বক্তারা কূটনৈতিক আলাপ আলোচনার মাধ্যমে বিষয়টি সমাধানের ওপর গুরুত্বারোপ করেন।
সাবেক রাষ্ট্রদূত এমএম রেজাউল করিম বলেন, সিনো-বাংলা সম্পর্কের কিছু কিছু ক্ষেত্রে মতানৈক্য রয়েছে, অতি দ্রুত আলাপ আলোচনার মাধ্যমে তা সমাধান করা উচিত। এসব ক্ষেত্রে আস্থা ও বিশ্বাসের কোনও বিকল্প নেই।
