সীমান্ত: লালমনিরহাটে পতাকা বৈঠক ভেস্তে গেছে, কুমিল্লায় দু’পক্ষ মুখোমুখি, খাগড়াছড়িতে উত্তেজনা
সংঘাতময় অবস্থা চলছে লালমনিরহাট, কুমিল্লা ও খাগড়াছড়ি সীমান্তে।
লালমনিরহাট প্রতিনিধি জানান, জেলার কালীগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে নিহত বাংলাদেশী যুবকের লাশ ২৪ ঘন্টা পরও ভারত ফেরত দেয়নি। বিডিআর সূত্র জানিয়েছে, সোমবার রাতে দু পক্ষের পতাকা বৈঠক ফলপ্রসূ না হওয়ায় সীমান্তে এখন বিরাজ করছে চরম উত্তেজনা।
এ অবস্থায় বিডিআর লালমনিরহাটের প্রায় ২০০ কিলোমিটার সীমান্ত এলাকায় জারী করেছে রেড অ্যালার্ট।
জানা যায়, সীমানা লঙ্ঘনের দায়ে বিএসএফ সোমবার দুপুরে কালীগঞ্জের বলাইহাট সীমান্ত থেকে উত্তম কুমার (২৫) নামে এক বাংলাদেশী যুবককে ধরে নিয়ে যায়। পরে তাকে নির্যাতনের পর গুলি করে হত্যা করে।
বিডিআর এ ঘটনার প্রতিবাদ জানায় ও কোম্পানী কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠানের আহ্বান জানায়। পরে সোমবার রাতেই বলাইরহাটের নো ম্যান্স ল্যান্ডে অনুষ্ঠিত হয় দুপক্ষের পতাকা বৈঠক। এতে বিডিআর’র পক্ষে দৈখাওয়া বিওপির সুবেদর আব্দুল হানিফ ও বিএসএফ’র পক্ষে উত্তর সাউথ ক্যাম্পের কোম্পানী কমান্ডার টোমালাল নেতৃত্ব দেন।
বিডিআর সূত্র জানায়, প্রায় ২০ মিনিট অনুষ্ঠিত এই বৈঠক কোনও সিদ্ধান্ত ছাড়াই শেষ হয়। বৈঠকে বিএসএফ জানায়, নিহত যুবকের লাশ ভারতীয় পুলিশের কাছে দেওয়া হয়েছে। ময়নাতদন্তের পর লাশটি হস্তান্তর করা হবে।
এদিকে বিডিআর সূত্রের বরাত দিয়ে কুমিল্লা প্রতিনিধি জানান, জেলার চৌদ্দগ্রামের উজিরপুর সীমান্তে বিএসএফ কাঁটাতারের বেড়া ও রাস্তা নির্মাণ শুরু করেছে। একই সঙ্গে তারা সীমান্ত এলাকায় কাউকে দেখা গেলে গুলি করা হবে বলে মাইকিং করে। সাতবাড়িয়া ক্যাম্পের কমান্ডিং অফিসার মেজর মতিয়ার বিএসএফকে পতাকা বৈঠকের আহ্বান জানালেও তার প্রস্তাব নাকচ করে দেওয়া হয়। এ অবস্থায় দুপক্ষ এখন ভারী অস্ত্রশস্ত্র নিয়ে মুখোমুখি অবস্থান নিয়েছে।
খাগড়াছড়ি প্রতিনিধি জানান, লাছারিপাড়া সীমান্ত এলাকায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীকে বিডিআর সদস্যরা মঙ্গলবার কাঁটাতারের বেড়া নির্মাণে বাধা দিলে সেখানে উত্তেজনা দেখা দেয়।
স্থানীয় সূত্র জানায়, সীমান্তের ১৫০ গজের ভেতর শতাধিক ভারতীয় নির্মাণ শ্রমিক মধ্যরাতের পরপরই জড়ো হয়। এসময় তাদের আশপাশে বিএসএফ সদস্যরা অবস্থান করছিল।
বিডিআর সদস্যদের পক্ষ থেকে কাঁটা তারের বেড়া তৈরি করতে নিষেধ করা সত্ত্বেও ভারতীয় শ্রমিকরা কাজ অব্যাহত রাখে। পরে বিডিআর বাঁশি বাজাতে থাকলে শ্রমিকরা কাজ বন্ধ করে।
