২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কুয়েতে বাংলাদেশ দূতাবাসে হামলার পরিকল্পনাকারীদের খুঁজে বের করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী, মধ্যপ্রাচ্যের বিভিন্ন মিশনে সতর্ক বাণী পাঠানো হয়েছে

প্রধানমন্ত্রী খালেদা জিয়া মঙ্গলবার কুয়েতে বাংলাদেশ দূতাবাসে রোববারের হামলার ঘটনায় মূল পরিকল্পনাকারীদের খুঁজে বের করে কঠোর শাস্তি প্রদানের নির্দেশ দিয়েছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Apr 2005, 08:54 PM

Updated : 26 Apr 2022, 05:35 PM

এরই প্রেক্ষিতে মধ্যপ্রাচ্যের সকল বাংলাদেশী মিশনের কাছে ঢাকা থেকে জরুরি সতর্ক বার্তা পাঠানো হয়েছে। সাংবাদিকদের সাথে আলাপকালে পররাষ্ট্রমন্ত্রী মোর্শেদ খান বলেন, “আমি সকল মিশনে জরুরি বার্তা পাঠিয়েছি।

তিনি বলেন, কুয়েতের ঘটনা মধ্যপ্রাচ্যে বাংলাদেশের শ্রমবাজারের ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে।

পররাষ্ট্রমন্ত্রী এম মোর্শেদ খান মঙ্গলবার সকালে প্রধানমন্ত্রীর সাথে তার কার্যালয়ে দেখা করতে গেলে তিনি এ নির্দেশ দেন। পররাষ্ট্রমন্ত্রী সম্প্রতি জাকার্তায় অনুষ্ঠিত আফ্রো-এশিয়ান সম্মেলনের অভিজ্ঞতার বিষয় অবহিত করতে প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ করতে যান।

পররাষ্ট্রমন্ত্রী তার কার্যালয়ে সাংবাদিকদের বলেন, “কুয়েতে যা ঘটেছে তা সত্যিই দুঃখজনক। আমাদেরকে গভীরভাবে ঘটনাটি অনুসন্ধান করে দেখতে হবে। যতদূর আমরা জেনেছি হামলাকারীরা সেখানে অবৈধভাবে রয়েছে।”

রোববার কুয়েতে বাংলাদেশের দূতাবাসে হামলার ঘটনা তদন্তে ঢাকা থেকে কুয়েতে তিন সদস্যবিশিষ্ট উচ্চক্ষমতাসম্পন্ন একটি তদন্ত দল প্রেরণ করা হবে। পররাষ্ট্র মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং প্রবাসী কল্যাণ ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিনিধিদের সমন্বয়ে তদন্ত দলটি গঠন করা হবে।

যদিও কুয়েতে বাংলাদেশের দূতাবাস থেকে হামলার ঘটনা সম্পর্কে প্রাথমিক প্রতিবেদন পাঠানো হয়েছে, পররাষ্ট্রমন্ত্রী বিস্তারিত প্রতিবেদন পাঠানোর আহবান জানিয়েছেন। বিস্তারিত প্রতিবেদন পাঠানো হলে বাংলাদেশ থেকে তদন্ত দল পাঠানো হবে বলে তিনি জানান।

রোববার (২৪ এপ্রিল) সাত শ’রও অধিক বাংলাদেশী শ্রমিক কুয়েতের সুরায় অবস্থিত দূতাবাসে হামলা চালায়। রাষ্ট্রদূত নজরুল ইসলাম খানের ভাষ্যমতে, হামলার সময় দু বাংলাদেশি নাগরিক আহত হন।

মোর্শেদ খান বলেন, এ ধরনের হামলার ঘটনা এই প্রথম। ১৪/১৫টি বাস শ্রমিক ভর্তি করে এনে এ হামলা চালানো হয়। তিনি বলেন, “এটা কোনও স্বাভাবিক ঘটনা নয়, এ যেন বিনা মেঘে বজ্রপাতের মতো।”

তিনি মনে করেন কোনও প্ররোচনা ছাড়া বাংলাদেশী শ্রমিকরা এ ধরনের হামলার ঘটনা ঘটাতে পারে না।

তিনি আরও বলেন, এ ধরনের আচরণ বাংলাদেশী শ্রমিকদের প্রকৃত স্বরূপ নয়, আমাদেরকে এ ধরনের ঘটনার শেকড় খুঁজে বের করতে হবে।

দূতাবাসের বিরুদ্ধে সহযোগিতা না করার যে অভিযোগ বাংলাদেশী শ্রমিকরা উত্থাপন করেছে তা পররাষ্ট্রমন্ত্রী প্রত্যাখান করেন। তিনি বলেন শ্রমিকরা তাদের কোন সমস্যা সম্পর্কে দূতাবাসে অভিযোগ দায়ের করেনি।

যদি শ্রমিকদের কেউ তাদের সমস্যা সম্পর্কে দূতাবাসে অভিযোগ দায়ের করতেন তাহলে দূতাবাসের কর্মকর্তারা সংশ্লিষ্ট মালিকদের সাথে কথা বলতে পারতেন এবং সমস্যার সমাধানে উদ্যোগ নিতে পারতেন।

মালিক মজুরি না দেওয়ার কারণে শ্রমিকরা এ দূতাবাসে হামলার ঘটনা ঘটিয়েছে বলে কুয়েতে বাংলাদেশের রাষ্ট্রদূত জানিয়েছেন।

যে সব শ্রমিকরা দূতাবাসে হামলা চালায় তারা কুয়েতি একটি ক্লিনিং কোম্পানিতে চাকুরিরত। হামলায় তারা দূতাবাসের আসবাবপত্র, জানালা ও কাগজপত্রের ক্ষতিসাধন করে। বিক্ষুব্ধ শ্রমিকদের এক নেতা অভিযোগ করেন, গত পাঁচ মাস ধরে তারা কোনও বেতন পাচ্ছেন না।

কুয়েত পুলিশ হামলার সাথে জড়িত ৮/৯ জন বাংলাদেশী শ্রমিককে গ্রেফতার করেছে। এছাড়া কুয়েতি পুলিশের উচ্চ পর্যায়ের এক তদন্তকারী দল হামলার ঘটনাটি খতিয়ে দেখছে।

নজরুল ইসলাম খান জানান, গ্রেপ্তারকৃত শ্রমিকরা জানিয়েছে কারা তাদেরকে বিক্ষোভ প্রদর্শনের জন্য নিয়ে এসেছিল।

কুয়েতে প্রায় দেড় লাখ বাংলাদেশী কর্মরত রয়েছে।