সড়ক দুর্ঘটনায় রাজধানীতে নিহত পাঁচ
সড়ক দুর্ঘটনায় রাজধানীর উত্তরা, মতিঝিল, পল্লবী, বিমানবন্দর ও ডেমরা এলাকায় মঙ্গলবার অজ্ঞাত মহিলাসহ পাঁচজন নিহত হয়েছে।
মতিঝিল শাপলা চত্তর এলাকায় রাস্তা পারাপারের সময় দ্রুগামী ট্যাক্সিকাবের নিচে চাপা পড়ে জনতা ব্যাংক ফরাসগঞ্জ শাখার নিরাপত্তা রক্ষী আব্দুল মালেক (৫০) গুরুতর আহত হয়। নিহতের ছেলে সোহেল জানায়, আহত অবস্থায় মালেককে হাসপাতালে নেওয়া হলে তার মৃত্যু ঘটে।
নিহত মালেকের বাড়ি ডেমরা এলাকায় এবং তার স্ত্রী, দুই ছেলে ও দুই মেয়ে রয়েছে।
অন্যদিকে উত্তরার রাজলক্ষী এলাকায় দ্রুগামী বাসের চাকায় পিষ্ট হয়ে জাহাঙ্গীর আলম (৩৫) নিহত হয়।
তার বাড়ি উত্তরারর ফায়দাবাদ এলাকায়।
অপর ঘটনায় বিমান বন্দর সড়কে দ্রুতগামী একটি বাস মটর সাইকেল আরোহী আলী আশরাফকে (৩২) ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু ঘটে।
তার বাড়ি উত্তরার উত্তরখান বাজার এলাকায়।
পল্লবীতে ভলভো বাসের ধাক্কায় গোলাম রহমান নামে এক ষাটোর্ধ্ব ব্যক্তি গুরুতর আহত হয়। পরে ঢাকা মেডিকেল কলেচ হাসপাতালে নেওয়া হলে তিনি মারা যান। তার বাড়ি ৩/২৬/ক পল্লবী এলাকায়।
এদিকে নগরীর মাতুয়াইল এলাকায় বাসের চাকায় পিষ্ট হয়ে ৪০ বছরের এক অজ্ঞাত মহিলা নিহত হয়।
মৃতদেহগুলো ময়না তদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
দুর্ঘটনার ব্যাপারে সংশ্লিষ্ট থানায় পৃথক মামলা দায়ের করা হয়েছে।
