অধ্যাপক সরদার ফজলুল করিমের ৮০তম জন্মবার্ষিকী উদযাপনে ব্যাপক প্রস্তুতি
বিশিষ্ট বুদ্ধিজীবী ও দার্শনিক অধ্যাপক সরদার ফজলুল করিমের ৮০ তম জন্মবার্ষিকী উদযাপনে ব্যপক প্রস্তুতি নেওয়া হয়েছে।
অধ্যাপক সরদার ফজলুল করিমের ৮০তম জন্মবার্ষিকী উদযাপন জাতীয় কমিটি মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, আগামী ১ মে তার জন্মদিনে কমিটির পক্ষ থেকে অধ্যাপক সরদার ফজলুল করিমকে জানানো হবে ফুলেল শুভেচ্ছা। এছাড়া ১২ মে বিকাল সাড়ে ৪টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি ক্যাফেটেরিয়ায় উদযাপন করা হবে তার জন্মবার্ষিকী।
এসব আয়োজন পালনে মঙ্গলবার রাজধানীর পুরানো পল্টনে অনুষ্ঠিত এক সভা থেকে উদযাপন কমিটি গঠন করা হয়। ১০১ সদস্যের এই কমিটির সভাপতি কবি শামসুর রাহমান এবং সদস্য সচিব অর্থনীতিবিদ এমএম আকাশ। কমিটিতে শিগগিরই বরেণ্য চিন্তাবিদ, শিক্ষক, রাজনীতিবিদ, চিকিৎসক, প্রকৌশলী, আইনজীবী ও বিশিষ্ট নাগরিকদের অর্ন্তভুক্ত করা হবে।
