২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাইবান্ধায় আকিবুর হত্যা মামলার রায়ে ১ জনের ফাঁসি ৩ জনের যাবজ্জীবন

জেলার চাঞ্চল্যকর আকিবুর হত্যা মামলার রায়ে ১ জনের ফাঁসি ও ১০ হাজার টাকা জরিমানা এবং তিনজনের যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড এবং পাঁচ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও একবছরের কারাদণ্ডাদেশ দেয়া হয়েছে।

গাইবান্ধা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Apr 2005, 07:03 PM

Updated : 26 Apr 2022, 05:35 PM

মঙ্গলবার এক জনাকীর্ণ আদালতে গাইবান্ধার অতিরিক্ত দায়রা জজ মোহাম্মদ মহসীন মোল্লা এই রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্ত আসামীদের মধ্যে হামির উদ্দিনকে ফাসি এবং শামছুল ইসলাম, আব্দুস সামাদ ও আবু বক্করকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দেয়া হয়েছে।

মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা যায়, ১৯৯৬ সালের ২৬ জানুয়ারি জেলার সাঘাটা উপজেলার পদুমশহর ইউনিয়নের ডিমলা পদুমশহর গ্রামের মোহাম্মদ খাজা মিয়া বাড়ির পাশ্ববর্তী জমিতে হালচাষ করতে গেলে একই গ্রামের শামছুল ইসলাম বাধা দেয়। পরে খাজা মিয়ার ভাই আকিবুর ঘটনাস্থলে পৌঁছলে শামছুলের সাথে তর্কবিতর্কের এক পর্যায়ে শামছুলের ভাই হামির উদ্দিন ধারালো অস্ত্র দিয়ে আকিবুরের মাথায় আঘাত করে।

গুরুতর আহতাবস্থায় আকিবুরকে গাইবান্ধা সদর হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় ।

এ ঘটনায় নিহতের ভাই খাজা মিয়া বাদি হয়ে সাঘাটা থানায় একটি হত্যা মামলা দায়ের করে।

সরকার পক্ষে পিপি এ্যাডভোকেট জাহাঙ্গীর আলম জিন্নাহ, এপিপি রেজাউল আলম, আব্দুল কাদের, হানিফ বেলাল ও আসামী পক্ষে এ্যাডভোকেট ফজলে রাব্বী ও সাইফুল ইসলাম সাদা মামলাটি পরিচালনা করেন।