গুনগত ও মানসম্মত শিক্ষার প্রতি প্রতিশ্রুতিবদ্ধ ইউএসটিসি
চট্টগ্রাম বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ইউএসটিসি) দেশের প্রথম সারির বেসরকারী বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে অন্যতম। বিজ্ঞান, প্রযুক্তি ও সমাজ বিজ্ঞানের বিভিন্ন শাখায় গুনগত ও মানসম্মত শিক্ষা দানের লক্ষ্যকে সামনে রেখে ১৯৯২ সালে প্রতিষ্ঠানটি যাত্রা শুরু করে।
বিশ্ববিদ্যালয় হওয়ার আগে প্রতিষ্ঠানটি ফলিত বিজ্ঞান ইনস্টিটিউট হিসেবে পরিচিত ছিল। ১৯৮৯ সালের ১৩ মে মাত্র ৪২ জন ছাত্র ছাত্রী নিয়ে প্রতিষ্ঠিত হয় এই ইনস্টিটিউট। জাতীয় অধ্যাপক ড. নুরুল ইসলাম ছিলেন এর প্রতিষ্ঠাতা সভাপতি। বর্তমানে এই ইনস্টিটিউটে চারটি অনুষদের অধীনে ১১টি বিষয়ে পাঠদান করা হয়। সবচেয়ে চমকপ্রদ বিষয় হচ্ছে এই ইনস্টিটিউটের ৩০ শতাংশ ছাত্রছাত্রীই বিদেশী।
অধ্যাপক নুরুল ইসলাম সফররত সাংবাকিদের জানান, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ১৬ তলা একাডেমিক ভবন, আট তলা জিয়া ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনেস্ট্রেশন ভবন এবং একটি নার্সিং ইনিস্টিটিউট নির্মাণের কাজ এ বছরের মধ্যেই শেষ করবে।
মানসম্মত শিক্ষা এবং মেডিকেয়ার সার্ভিসের মধ্য দিয়ে ভবিষ্যতে এই বিশ্ববিদ্যালয় একটি আদর্শ শিক্ষা প্রতিষ্ঠানে পরিণত হবে বলে বিশ্ববিদ্যালয়ের বর্তমান ছাত্রছাত্রীরা মনে করেন।
ভারতের কাশ্মীর থেকে আগত ইউএসটিসি’র এমবিবিএস ছাত্রী ফারাহ আনজুম জানান, এই বিশ্ববিদ্যালয়ে তারা সবধরনের সুবিধাই পেয়ে থাকেন। শিক্ষক এবং শিক্ষার মান সম্পর্কে জানতে চাওয়া হলে আনজুম বলেন,“আমাদের শিক্ষকরা খুবই দক্ষ। আমাদের ক্যাম্পাস এবং হলেও বন্ধুত্বপূর্ন পরিবেশ রয়েছে।
ফার্মেসি বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র আবু সালেহ মুহাম্মদ আলী বিডিনিউজকে বলেন,“ এখানকার শিক্ষকরা আমাদের খুবই সহযোগিতা প্রদান করেন। তাছাড়া বিশ্ববিদ্যালয়ের কাজকর্মও সন্তোষজনক।”
ইউএসটিসির ব্যবসায় প্রসাশন অনুষদে বিবিএ, এমবিএ, বিজ্ঞাণ অনুষদে কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং, ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি, মেডিসিন অনুষদে এমবিবিএস এবং বেসিক মেডিকেল এন্ড ফার্মাসিউটিক্যাল অনুষদে ফার্মেসি বিষয়ে পাঠদান করা হয়।
বিশ্ববিদ্যালয়ের তত্ত্বাবধানে এনাটমি, ফিজিওলজি, বায়োকেমিস্ট্রি এবং কমিউনিটি মেডিসিনের মতো বিষয় ছাড়াও ল্যাবরেটরি, লেকচার কক্ষ এবং অত্যাধুনিক মেডিকেল সরঞ্জাম নিয়ে স্বয়ংসম্পুর্ন ৩৫০ শয্যার বঙ্গবন্ধু মেমোরিয়াল হাসপাতালটিও পরিচালিত হয়।
ইউএসটিসিতে বর্তমানে ৩৫০ জন বিদেশীসহ মোট ছাত্রছাত্রীর সংখ্যা ১,৫০০।
