২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সরকারি সাংসদদের এলাকার জন্য নির্বাচনী উন্নয়ন বরাদ্দের প্রস্তাব নাকচ করলেন অর্থমন্ত্রী

আগামী নির্বাচনকে সামনে রেখে বাজেটে সরকারি দলের সংসদ সদস্যদের নির্বাচনী এলাকার জন্য কোটি টাকার উন্নয়ন বরাদ্দ রাখার প্রস্তাব অর্থ ও পরিকল্পনামন্ত্রী এম সাইফুর রহমান সরাসরি নাকচ করে দিয়েছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Apr 2005, 05:53 PM

Updated : 26 Apr 2022, 05:35 PM

আসন্ন বাজেট নিয়ে অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়, সরকারি হিসাব ও অনুমিত হিসাব সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সকল সদস্য এবং অন্যান্য সংসদীয় কমিটির সভাপতিদের সঙ্গে মঙ্গলবার অর্থমন্ত্রীর বৈঠকে বিএনপি দলীয় সাংসদরা এই অনুরোধ করেছিলেন।

দীর্ঘ তিন ঘন্টার বৈঠক শেষে সাইফুর রহমান এমপিদের দাবি সম্পর্কে সাংবাদিকদের বলেন, সংসদ সদস্যদের দৃষ্টিভঙ্গির সঙ্গে অর্থমন্ত্রী হিসেবে তার দৃষ্টিভঙ্গির মিল নেই। তার কাছে আপাত: রাজনীতি থেকে দেশের সার্বিক অর্থনৈতিক ব্যবস্থাপনা ও উন্নয়নই মূখ্য।

তিনি বলেন, আমি কোন বিশৃঙ্খল বাজেট প্রণয়ন করতে পারিনা।

পরিকল্পনা কমিশন মিলনায়তনে অনুষ্ঠিত বৈঠকে সরকারি দলের সংসদ সদস্যরা আয়করের পরিধি বৃদ্ধি ও জেলা পর্যায়ে অনাদায়ী আয়কর আদায়ে ট্যাক্স কমিশনারের সাথে এমপিদেরও সম্পৃক্ত করার প্রস্তাব দেন।

বৈঠক সূত্রে জানা যায়, উপস্থিত সদস্যরা বিভিন্ন দপ্তরে দূর্নীতি ও প্রকল্প বাস্তবায়নে দীর্ঘসূত্রিতা রোধে ব্যবস্থা গ্রহণ, নতুন কর্মসংস্থানের ব্যবস্থা এবং দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের কথা বলেন।

অর্থমন্ত্রী বলেন, কৃষিখাতে ভর্তুকি, বয়স্ক ও বিধবা ভাতা বৃদ্ধির প্রস্তাব করা হয়েছে। সদস্যরা বিদ্যুত খাতের উন্নয়ন এবং গভীর ও অগভীর নলকুপ সরবরাহ নিশ্চিত করতে আরও বেশি করে আমদানী করতে বলেছেন। সদস্যদের এ প্রস্তাবটি বিবেচনায় রাখার আশ্বাস দেওয়া হয়েছে। তাদেরকে অর্থনৈতিক সাপোর্ট দেওয়ারও আশ্বাস দেওয়া হয়েছে।

তিনি বলেন, প্রস্তাব অনুযায়ী জেলা পর্যায়ে ট্যাক্স আদায়ের জন্য কর্মকর্তাদের সাথে সংসদ সদস্যদের সমন্বয় করা হবে।

সাইফুর রহমান বৈঠকে বলেন, বাজেট হলো সামাজিক অসঙ্গতি দূর করার একটি সুষ্ঠু ব্যবস্থা।

বৈঠকে উপস্থিত সংস্থাপন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি সর্দার সাখাওয়াত হোসেন বকুল সাংবাদিকদের জানান, এ বাজেটের মূল উদ্দেশ্য হবে দারিদ্র বিমোচন। আর দারিদ্র বিমোচনের আগে দরকার দূর্নীতি রোধ। এ জন্য কর্মকর্তাদের মধ্যে দায়বদ্ধতা সৃষ্টি করতে হবে।

সরকারি দল ছাড়াও অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিতে আওয়ামী লীগের সদস্য ছায়েদুল হক বৈঠকে যোগ দেন।

ছায়েদুল হক সাংবাদিকদের জানান, তিনি বৈঠকে কৃষিখাতে ভর্তুকি বৃদ্ধি, বিদ্যুত খাতের উন্নয়ন, দারিদ্র বিমোচনে পদক্ষেপ নেওয়ার প্রস্তাব করেছেন। একই সাথে তিনি সাধারণ মানুষকে রক্ষা করতে দ্রব্যমূল্য বৃদ্ধি রোধে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান।

তিনি জানান, বৈঠকে অর্থমন্ত্রী দ্রব্যমূল্য হ্রাসে অনীহা প্রকাশ করেছেন। অর্থমন্ত্রীর মতে, মূল্য না পেলে উৎপাদনকারীরা উৎপাদনের আগ্রহ হারিয়ে ফেলবে।

তিনি বলেন, সরকারি দলের সদস্যরা নির্বাচনমূখি বাজেট প্রণয়নের জন্য অর্থমন্ত্রীকে প্রস্তাব দিয়েছেন। এ কারণেই এবারের বাজেটে প্রায় ২২ হাজার কোটি টাকার উন্নয়ন বরাদ্দ থাকবে।