২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নেত্রকোণায় কবীর হত্যা মামলার প্রধান আসামী প্রভাবশালী ব্যক্তির আত্মীয়

নেত্রকোণার চল্লিশা ইউনিয়নের বাবনীকোনা গ্রামের চাঞ্চল্যকর আরশাদুজ্জামান কবীর (১৬) হত্যাকে কেন্দ্র করে এলাকায় এখনও উত্তেজনা বিরাজ করছে।

নেত্রকোণা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Apr 2005, 03:10 PM

Updated : 26 Apr 2022, 05:35 PM

এ ঘটনায় নিহতের পিতা ফজলুল হক বাদী হয়ে মাসুদ রানা বাবুলকে প্রধান আসামী করে ৩৯ জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেছেন।

জানা যায়, গত রোববার একটি বিরোধপূর্ণ জমির ধান কাটাকে কেন্দ্র করে ফজলুল হক ও মাসুদ রানা বাবুলের দু’টি পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এ সংঘর্ষে প্রতিপক্ষের বল্লমের আঘাতে ফজলুল হকের ছেলে আরশাদুজ্জামান কবীর ঘটনাস্থলেই মারা যায় এবং ১৫ জন মারাত্মকভাবে আহত হয়।

রাতেই ফজলুল হক নেত্রকোনা থানায় একটি মামলা দায়ের করেন। গ্রামবাসী জানান, মামলার প্রধান আসামী মাসুদ রানা বাবুল স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর ব্যক্তিগত সহকারীর শ্যালক হওয়ায় পুলিশ তাকে গ্রেফতার করতে সাহস পাচ্ছেনা। সে এলাকায় প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে ও বাদী পক্ষকে অব্যাহত হুমকি দিয়ে যাচ্ছে। গ্রামবাসী আরও জানায়, রানা দীর্ঘদিন ধরে এলাকায় ক্ষমতার অপব্যবহার করে আসছে।

নিহতের পরিবার সাংবাদিকদের জানান, আসামীপক্ষ মিথ্যা হয়রানিমূলক মামলা দেয়ার প্রস্তুতি নিচ্ছে।

অপর দিকে হত্যাকাণ্ডে জড়িত থাকার সন্দেহে পুলিশ বেদেনা (৩০), মঞ্জুরা (২৮), সাহেরা (৪০) ও জামাল মিয়া (২৭) নামে চারজনকে গ্রেফতার করলেও এলাকাবাসী জানায়, তারা প্রত্যেকেই নিরীহ মানুষ।

উল্লেখ্য, ঘটনার পর থেকে ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।