আমরা কি আব্বুকে আর ফিরে পাবো না: অপহৃত দারোগা হাসনাইন-এর একমাত্র শিশু পুত্র স্মরণ
‘আঙ্কেল ওরা আব্বুকে নিয়ে যাওয়ার পর থেকে ভয়ে আমাদের স্কুল যাওয়া বন্ধ হয়ে গেছে। সারাদিন আমরা আব্বুর অপেক্ষায় ঘরে বসে থাকি। ওসি আঙ্কেল বলেছে আব্বুকে ফেরত আনা হবে। আম্মু একদম চুপ হয়ে গেছে। কোনও কথা বলে না। আমরা কি আব্বুকে আর ফিরে পাবো না?”
কথাগুলো যে-কারও হৃদয়ে দাগ কাটবে, প্রায় অবোধ এবং জীবনের জটিলতা বুঝে উঠতে না পারা কোনও শিশুর এমন আকুতিভরা কথকতায় শ্রোতার হৃদয় ভারাক্রান্ত হবেই। মঙ্গলবার সত্যিই এমন হয়েছে, ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে, শিশু স্মরণের কথা শুনে।
গোপন চরমপন্থি সংগঠন পূর্ব বাংলার কমিউনিস্ট পার্টির হাতে অপহৃত স্পেশাল ব্রাঞ্চের দারোগা হাসনাইন আজম খান-এর একমাত্র শিশু পুত্র আসিফ খান স্মরণ এই প্রতিবেদককে এসব কথা বলে। মঙ্গলবার ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে মা সুরাইয়া, বড় বোন ফারিয়া (১০) ও দাদি হোসনে আরার সাথে সংবাদ সম্মেলনে আট বছরের স্মরণও এসেছিল। সে মাদারিপুর পৌরসভা স্কুলের চতুর্থ শ্রেণীর ছাত্র।
গত ৩ এপ্রিল অফিসের কাজ শেষে বাসায় ফেরার পথে মাদারিপুর জেলা স্পেশাল ব্রাঞ্চের দারোগা হাসনাইন ও একই বিভাগের প্রধান সহকারী কামরুল ইসলামকে সদর থানার ইশিবপুর ইউনিয়নের শাখারপাড় এলাকা থেকে নিষিদ্ধ ঘোষিত পূর্ব বাংলার কমিউনিস্ট পার্টির আঞ্চলিক নেতা আজিজের নেতৃত্বে ৪০-৫০ জন চরমপন্থী অপহরণ করে। তখন থেকে তাদের কোনও হদিস পায়নি আইনপ্রয়োগকারী সংস্থাগুলো।
স্মৃতিভারাতুর স্মরণ বলে, ‘‘প্রতিদিনের মতো সেদিনও আব্বু আমাকে তার মোটর সাইকেলে করে স্কুলে পৌঁছে দিয়ে অফিসে চলে যান। স্কুল থেকে আমি একাই বাসায় ফিরি। রাতে আব্বু না ফিরলে আমরা ওসি আঙ্কেলকে বলি। কিন্তু এখনও আব্বুকে ওরা ফেরত আনতে পারেনি।”
‘‘ভয়ে আমরা এখন ঐ এলাকায় থাকতে পারছি না। পাংশায় আমার ফুপুর বাসায় চলে গেছি। আমাদের লেখাপড়া বন্ধ হয়ে গেছে,’ বলল স্মরণ। যে-বয়সে উচ্ছলতা, চঞ্চলতা থাকার কথা, সে বয়সে ভয় আর উৎকণ্ঠা ঘিরে ধরেছে এই শিশুকে।
বড় বোন ফারিয়া ফাইরান কথা (১০) মাদারিপুর ডিসি একাডেমীর ৬ষ্ঠ শ্রেণীর ছাত্রী। সে বলল, আব্বু পুলিশে চাকরী করতো। অথচ পুলিশই আব্বুকে ফেরত আনছে না কেনো? আমরা আব্বুকে সুস্থ শরীরে ফেরত চাই। কত দিন আব্বুকে দেখি না!”
ডিআইজি ফরররুখ আহমদের প্রতিশ্রুতি, ঐ এলাকায় র্যাব-পুলিশের চিরুনী অভিযান সবই বিফল হয়েছে। চরমপন্থী নেতা আজিজ মাদারিপুর জেলা পুলিশ সুপার মকবুল হোসেন ও ওসি আনোয়ার হোসেন ভূইয়াকে অপহৃতদের এক সপ্তাহের মধ্যে ফেরত দেয়ার কথা বললেও পেরিয়ে গেছে ২৩ দিন।
”ওরা কি জীবিত না মৃত, তাও তো আমরা জানতে পারছি না,” ক্ষোভ প্রকাশ করলেন অপহৃত হাসনাইনের বড় ভাই আবুল হাসনাত খান।
অপহৃত হাসনাইনের বৃদ্ধা মা কান্নাজড়িত কণ্ঠে বলেন, প্রশাসন দুই পুলিশ কর্মীকে উদ্ধারে প্রয়োজনীয় উদ্যোগ নিতে ব্যর্থ হয়েছে। তিনি বলেন, সরকার প্রধান, স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তাদের প্রতি আমার আবেদন সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে বিষয়টির সুরাহা করা হোক।
হতভাগ্য এই মা বলেন, সরকার যদি আমার আবেদনে সাড়া না দেয়, তাহলে আমি আমরণ অনশন করবো।
মঙ্গলবারের সংবাদ সম্মেলনে আরও এসেছিলেন অপর অপহৃত কামরুল হাসানের বড় ভাই ওবায়দুর রহমান ও ছোট ভাই মিজানুর রহমান লিটন। তারা বলেন, ”আমরা সান্ত¡না চাই না, আমাদের ভাইকে ফেরত চাই।”
