বি’বাড়িয়ায় চার বছরে ৪ ডিসি বদলি, প্রশাসনে অচলাবস্থা
ব্রাহ্মণবাড়িয়ায় ঘন ঘন জেলা প্রশাসক বদলির কারণে প্রশাসনে অচলাবস্থা দেখা দিয়েছে।
নাম প্রকাশে অনিচ্ছুক জেলা প্রশাসনের একটি সূত্র জানায়, এমপি ও সরকারি দলের ইচ্ছা অনুযায়ী কাজ না করার কারণেই ব্রাহ্মণবাড়িয়ায় ঘন ঘন জেলা প্রশাসক বদলি হচ্ছেন।
বদলি হওয়া জেলা প্রশাসকদের মধ্যে বদরুল আলম তরফদার (বর্তমানে যুগ্মসচিব) বদলি হন ২০০২ সালের ১ জানুয়ারি। মোঃ মোকসেদ আলী (বর্তমানে মহাপরিচালক, মহিলা অধিদপ্তর) বদলি হন ২০০৩ সালের ৩০ নভেম্বর।
২০০৪ সালের ২১ জুলাই বদলি করা হয় জেলা প্রশাসক মোঃ ইউনুসুর রহমানকে (বর্তমানে মৌলভীবাজারের জেলা প্রশাসক)। মোঃ জহিরুল হক (বর্তমানে সংস্থাপন মন্ত্রণালয়ে ওএসডি) বদলি হন ২০০৫ সালের ২২ এপ্রিল।
ব্রাহ্মণবাড়িয়ার নতুন জেলা প্রশাসক নিযুক্ত হয়েছেন মোহাম্মদ সাইদুর রহমান। তিনি সোমবার দুপুরে কালেক্টরেট সম্মেলন কক্ষে স্থানীয় সংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন। তিনি অবশ্য ঘন ঘন জেলা প্রশাসক বদলির ব্যাপারে কোনও মন্তব্য করেননি।
