শাহীদুরের অপসারণ অবৈধ ঘোষণা করে দেওয়া হাইকোর্টের আদেশ স্থগিত করেছে সুপ্রিম কোর্ট
হাইকোর্ট বিভাগের অতিরিক্ত বিচারপতির পদ থেকে সৈয়দ শাহীদুর রহমানকে রাষ্ট্রপতির অপসারণাদেশ অবৈধ ঘোষণা করে হাইকোর্টের দেওয়া আদেশ গতকাল সোমবার সুপ্রিমকোর্ট ছয় মাসের জন্য স্থগিত করেছে।
অসদাচরণের অভিযোগে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের সুপারিশ অনুযায়ী গত বছর ২০ এপ্রিল রাষ্ট্রপতি সৈয়দ শাহীদুর রহমানকে অপসারণ করেন।
প্রধান বিচারপতি সৈয়দ জে আর মোদাচ্ছির হোসেনের নেতৃত্বে আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চ হাইকোর্টের আদেশের বিরুদ্ধে অ্যাডভোকেট ইদ্রিসুর রহমানের দায়ের করা লিভ টু আপিল অনুমোদন করেন।
আগামী ২৭ এপ্রিল এই আপীল আবেদনের ওপর শুনানী অনুষ্ঠিত হতে পারে।
রাষ্ট্রপতির আদেশের বৈধতা চ্যালেঞ্জ করে তার দায়ের করা রিট আবেদনের ভিত্তিতে হাইকোর্ট গত ২ ফেব্রুয়ারি শাহীদুর রহমানের অপসারণের আদেশ অবৈধ ঘোষণা করেন।
সুপ্রিম কোর্টের আইনজীবী ইদ্রিসুর রহমান হাইকোর্টের আদেশের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে লিভ টু আপিল দায়ের করেন।
আদালতে আবেদনকারির পক্ষে মামলা পরিচালনা করেন ড. কামাল হোসেন। তাকে সহযোগিতা করেন ব্যারিস্টার তানজিবুল আলম ও ব্যারিস্টার সারাহ হোসেন । অন্যদিকে সৈয়দ শাহীদুর রহমানের পক্ষে শুনানীতে অংশ নেন আজমালুল হোসেন কিউসি।
