২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

একটি রোলেক্স ঘড়ি নিয়ে বিব্রত এনবিআর চেয়ারম্যান

একটি রোলেক্স অয়েস্টার ঘড়ি নিয়ে বিব্রত জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) চেয়ারম্যান।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Apr 2005, 06:20 PM

Updated : 26 Apr 2022, 05:35 PM

দেশের শীর্ষস্থানীয় শিল্প গ্রুপ পারটেক্স দামী এই ঘড়িটি এনবিআর চেয়ারম্যান খায়রুজ্জামান চৌধুরীকে উপহার দেয়। বিব্রত চেয়ারম্যান ঘড়িটি অবশেষে পাঠিয়ে দিয়েছেন সরকারি তোষাখানায়।

মন্ত্রী পরিষদ সচিবের নিকট দেওয়া এক চিঠিতে এনবিআর চেয়ারম্যান জানান, গত ১৯ এপ্রিল পারটেক্স গ্রুপ এর ভাইস চেয়ারম্যান এ এ কায়সার টিটো তার সঙ্গে জাতীয় রাজস্ব বোর্ডে সাক্ষাত করেন।

চিঠিতে তিনি লিখেছেন: সাক্ষাত শেষে তিনি (টিটো) আমাকে উপহার স্বরূপ একটি রোলেক্স অয়েস্টার ঘড়ি প্রদান করেন। আমি উপহার গ্রহনে বিব্রত বোধ করি কিন্তু সৌজন্যতা বিবেচনায় উপহারটি আমাকে গ্রহন করতে হয়।

খায়রুজ্জামান চৌধুরী মন্ত্রী পরিষদ সচিবকে জানান, উপহারটি বেশ মূল্যবান, আনুমানিক দাম আশি হাজার টাকারও বেশী হতে পারে।

চিঠির সঙ্গে তিনি পারটেক্স গ্রুপের দেয়া রোলেক্স ঘড়িটি তোষাখানায় জমা দেয়ার জন্য পাঠিয়ে দেন।

আন্তর্জাতিক বাজারে সোমবার এই ঘড়িটির দাম ছিল ১,৫০০ মার্কিন ডলার, বাংলাদেশী টাকায় ৯০,০০০ হাজার টাকারও বেশী।

এনবিআর চেয়ারম্যান খায়রুজ্জামান চৌধুরী অভ্যন্তরীণ সম্পদ বিভাগেরও সচিব।