কিবরিয়া হত্যা মামলার আসামী কাইউম ও মোমিনকে হবিগঞ্জ জেলা কারাগার থেকে অন্যত্র স্থানান্তর
হবিগঞ্জে গ্রেনেড হামলায় শাহ এএসএম কিবরিয়াসহ পাঁচ হত্যাকান্ড মামলার প্রধান আসামী জেলা বিএনপির বহিস্কৃত সহসভাপতি একেএম আবদুল কাইউমকে হবিগঞ্জ জেলা কারাগার থেকে স্থানান্তর করে পার্শ্ববর্তী মৌলভীবাজার জেলা কারাগারে পাঠানো হয়েছে।
একই মামলার অপর আসামী জয়নাল আবেদীন মোমিনকে সিলেট কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে বলে একটি নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে।
নিরাপত্তার কারণে এ দু জনকে রোববার স্থানান্তর করা হয়েছে বলে পুলিশের একটি সূত্র জানায়।
গ্রেপ্তারকৃত আট আসামীর মধ্যে আয়াত আলী, শাহেদ আলী, জয়নাল আবেদীন জালাল, সেলিম আহমেদ, জমির আলী, তাজুল ইসলামকে এখনো হবিগঞ্জ কারাগারে রাখা হয়েছে।
তাদেরও দু একদিনের মধ্যে দেশের অন্যান্য কারাগারে স্থানান্তর করা হবে বলে জানা গেছে।
এদিকে, শাহ এএমএস কিবরিয়ার জনসভায় গ্রেনেড হামলাকারী ও দুটি মামলার চার্জশিটভুক্ত আসামী জয়নাল আবেদীন মোমিনকে রাজসাক্ষী করার ব্যাপারে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আবেদন পাঠানো হয়েছে বলে মামলার তদন্তকারী কর্মকর্তা সূত্রে জানা গেছে।
এদিকে গ্রেপ্তারকৃত আসামীদের পরিবারের পক্ষ থেকে জানা গেছে, প্রধান আসামী কাইউমসহ অন্যান্য আসামী তাদের মামলা পরিচালনার ক্ষেত্রে ওকালতনামায় স্বাক্ষর করতে না পারার কারণ দেখিয়ে ও নানা প্রতিবন্ধকতার বিষয় উপস্থাপন করে প্রধানমন্ত্রী, আইন মন্ত্রণালয় ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আবেদন করেছেন।
