২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিলেটে মাদক দ্রব্যের ছড়াছড়ি

সিলেটে প্রতি মাসে প্রায় ৩০ কোটি টাকার হেরোইনের চাহিদা রয়েছে বলে জানা যায়। শুধু সিলেট শহরে নয়, গ্রামে গঞ্জেও ছড়িয়ে পড়েছে মদ, গাঁজা, ফেন্সিডিল ও বিয়ার। মাদক ব্যবসায়ীরা উঠতি বয়সের তরুণদের কাছে এসব মাদকদ্রব্য বিক্রি করছে।

সিলেট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Apr 2005, 02:26 PM

Updated : 26 Apr 2022, 05:35 PM

স্থানীয় সূত্রে জানা যায়, মাদক ও ফেন্সিডিল ব্যবসায়ী শাহজাহান, হানিফ, মর্জিনা, সালেহার নাম মাদকদ্রব্য নিয়ন্ত্রণ বিভাগের খাতায়ও রয়েছে।

অনুসন্ধানে জানা যায়, সিলেটের যে কোনও সচেতন ব্যক্তি বলে দিতে পারেন শহরের কোন কোন জায়গায় কি কি মাদকদ্রব্য পাওয়া যায়, কারা এদের সাথে জড়িত। কিন্তু এ ব্যাপারে পুলিশ এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তাদের কোনও প্রতিক্রিয়া নেই। ভাগ বাটোয়ারা নিয়ে মাদক ব্যবসায়ীদের মধ্যে গোলমাল হলেই মাঝেমধ্যে লোক দেখানো দুয়েকটি পুলিশী অভিযান চোখে পড়ে।

শহরের প্রাণকেন্দ্র জিন্দাবাজারের কাছে ফেন্সিডিলের আখড়া। শাপলাবাগ, শাহপরাণ গেট এবং টিলাগড় হচ্ছে হেরোইনের ডিপো। বিভাগীয় সদর দফতর আলম নগর পাইকারী মাদকদ্রব্যের মার্কেট হিসেবে পরিচিত। শহরতলীর সালুটিকর ও টুকেরবাজার এলাকা দুটি বিয়ার এবং ফেন্সিডিলের এন্ট্রি পয়েন্ট।

ভারতের চেরাপুঞ্জি হয়ে কোম্পানিগঞ্জ, ভোলাগঞ্জ সীমান্ত দিয়ে নদীপথে সালুটিকর, টুকেরবাজার দিয়ে এসব মাদকদ্রব্য সিলেট শহরে প্রবেশ করে বলে জানা যায়।

শহরের জল্লারপাড় হচ্ছে মদ, বিয়ার, ফেন্সিডিল এবং হেরোইনের আড়ত। সিলেট শহরের বিভাগীয় অফিসের সামনে আলমপুর, টিলাগড়, মাণিক পীর মাজার সংলগ্ন এলাকাগুলো হেরোইন বিক্রির অন্যতম জায়গা হিসেবে চিহ্নিত বলে জানা যায়।

স্থানীয় সূত্র আরও জানায়, সিলেটে হেরোইনের দৈনিক চাহিদা প্রায় এক কেজি। এক কেজি হেরোইনের দাম প্রায় এক কোটি টাকা। সে হিসেবে এখানে প্রতি মাসে ৩০ কোটি টাকার হেরোইন বিক্রি হয়। সিলেটের পার্শ্ববর্তী গোয়ালাবাজার, তাজপুর ও অন্যান্য এলাকাতেও হেরোইন অবাধে বিক্রি হচ্ছে।