২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

স্পেকট্রামের মালিক ও রাজউক কর্তৃপক্ষের সমালোচনা করে সমুচিত পদক্ষেপ গ্রহণের নির্দেশ দিয়েছে সংসদীয় স্থায়ী কমিটি

শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটি সাভারে বিধ্বস্ত স্পেকট্রাম সোয়েটার ফ্যাক্টরির মালিক ও রাজউকের কর্তৃপক্ষের প্রতি নিন্দা জ্ঞাপন করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের নির্দেশ দিয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Apr 2005, 08:18 PM

Updated : 26 Apr 2022, 05:35 PM

রোববার জাতীয় সংসদে অনুষ্ঠিত বৈঠকে কমিটি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দুর্ঘটনা কবলিত প্রত্যেক পরিবারকে ক্ষতিপূরণ হিসেবে এক লাখ টাকা দিতে বলে।

বিধ্বস্ত ভবনের অননুমোদিত নক্সার জন্য স্পেকট্রাম সোয়েটার ফ্যাক্টরির মালিককে দায়ি করা হয়। অন্যদিকে রাজউকের যে সমস্ত কর্মকর্তারা ত্রুটিপূর্ণ ওই নক্সার অনুমোদন করেছে তাদের খুঁজে বের করার পাশাপাশি প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহন করতে বলে।

বেসরকারি হিসাবে এপ্রিলের ১১ তারিখে সাভারের পলাশবাড়ির বাইপাল এলাকায় ওই ভবন ধ্বসে ৭৬ জন মারা যায় এবং ধ্বংসস্তুুপের নিচে চাপা পড়ে ৩৬ জন নিখোঁজ হয়ে যায়।

কমিটির চেয়ারম্যান মোশাররফ হোসেন মংগুর সভাপতিত্বে বৈঠকে অন্যান্যের মধ্যে শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী আমান উল্লাহ আমান, শাহজাহান খান, আতিউর রহমান আতিক, মুফতি মোহাম্মদ ওয়াক্কাস এবং এম আখতারুজ্জামান মিয়া উপস্থিত ছিলেন।

শাহজাহান খান বলেন, গার্মেন্টস ফ্যাক্টরিসহ সকল শিল্পপ্রতিষ্ঠানে উৎসব বোনাস নিশ্চিত করতে হবে। তিনি জানান, অনেক গার্মেন্টসে শ্রমিকদের ন্যূনতম মজুরী বা কোনও রকম পুরস্কার দেওয়া হয় না।

বৈঠকে নগরীরর ৬৫টি গার্মেন্ট পরিদর্শন শেষে নিরাপত্তা ব্যবস্থা যাচাই, কাজের পরিবেশ স্বাস্থ্যকর কিনা, নিয়মিত বেতন দেওয়া হয় কিনা কিংবা শ্রমিকদের কোনও রকম পুরস্কার দেওয়া হয় কিনা এ ব্যপারে শ্রম মন্ত্রণালয়ের অধীন ফ্যাক্টরির প্রধান পরিদর্শককে একটি রিপোর্ট জমা দিতে বলা হয়েছে।

শ্রম বিভাগকে একটি অধিদপ্তরে রূপান্তরিত করতে স্থায়ী কমিটি সংস্থাপন মন্ত্রণালয়ের কাছে একটি প্রস্তাব পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে।