২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জামাত ও পাকিস্তান আহমদিয়া বিরোধী কার্যকলাপে মদদ দিচ্ছে: বিডিনিউজকে আহমদিয়া প্রধান

বর্তমান চারদলীয় জোট সরকারের অন্যতম অংশীদার জামাতে ইসলামী আন্তর্জাতিক খতমে নবুয়ত আন্দোলনের পেছনে মদদ দিচ্ছে বলে আহমদিয়া সম্প্রদায়ের একজন শীর্ষ নেতা অভিযোগ করেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Apr 2005, 08:05 PM

Updated : 26 Apr 2022, 05:35 PM

আহমদিয়া সম্প্রদায়ের নায়েবে আমির প্রফেসর মীর মোবাশ্বের আলী রোববার বকশী বাজারের আহমদিয়া কমপ্লেক্সে বার্তা সংস্থা বিডিনিউজের সাথে এক সাক্ষাৎকারে আহমদিয়া সম্প্রদায় বিরোধী প্রচারণা চালানোর জন্য পাকিস্তানকে দায়ি করেছেন।

এ ব্যাপারে পাকিস্তানি দূতাবাসের প্রেস মিনিস্টার সাজিদা ইকবাল সাঈদের সাথে যোগাযোগ করা হলে তিনি অভিযোগটি প্রত্যাখান করেন। তিনি আরও বলেন এ ধরনের কর্মকান্ডের সাথে পাকিস্তান দূতাবাসের কোনও সম্পৃক্ততা নেই।

তিনি বলেন, অন্য রাষ্ট্রের অভ্যন্তরীন বিষয়ে হস্তক্ষেপের নীতিতে পাকিস্তান বিশ্বাস করে না। তবে মন্তব্য প্রদানের জন্য পাকিস্তানের রাষ্ট্রদূতকে পাওয়া যায়নি।

প্রফেসর আলী বলেন, জামাতে ইসলামী পাকিস্তানি গোয়েন্দা সংস্থা আইএসআই’র সমর্থনপুষ্ট এবং রাজনৈতিক ফায়দা হাছিলের জন্য তারা ইন্টারন্যাশনাল খতমে নবুয়ত আন্দোলনে মদদ যোগাচ্ছে।

তিনি আরও বলেন, বাংলাদেশে পাকিস্তানের দূতাবাস থেকে আহমদিয়াদের বিরুদ্ধে অপপ্রচার ও প্রচারণা চালানোর জন্য বিভিন্ন জিনিসপত্র সরবরাহ করা হয়েছে। এ ব্যাপারে তাদের কাছে সুস্পষ্ট প্রমাণ রয়েছে বলে তিনি জানান।

তিনি বলেন, আহমদিয়ার বিরুদ্ধে নির্যাতনের পেছনে ইসলামী ঐক্যজোটের একজন শীর্ষ নেতারও মদদ রয়েছে। আগামী সংসদ নির্বাচনে নিজেদের পক্ষে দর কষাকষির জন্য তারা জোট সরকারের প্রধান শরীক বিএনপি’র ওপর চাপ দিচ্ছে।

অধ্যাপক আলী আন্তর্জাতিক খতমে নবুয়ত আন্দোলন’র হামলা থেকে আহমদিয়া ও তাদের মসজিদ রক্ষায় আইন প্রয়োগকারী সংস্থার শিথিল আচরণের নিন্দা জানান।

তিনি বলেন, নারায়নগঞ্জ ও নাখালপাড়ার মতো পুলিশ সুষ্ঠুভাবে তাদের দায়িত্ব পালন করলে সাতক্ষীরা এবং অন্যত্র অনাকাঙ্খিত ঘটনা ঘটতো না।

তবে তিনি আন্তর্জাতিক খতমে নবুয়ত আন্দোলনের সফল হওয়ার কোনও সম্ভাবনা দেখছেন না বলে জানান।

অধ্যাপক আলী বলেন, বাংলাদেশ পাকিস্তান নয় যে মৌলবাদিরা আমাদেরকে অমুসলিম হিসেবে চিহিৃত করতে সফল হবে। বাংলাদেশের উদার সাংস্কৃতিক ঐতিহ্যে গোঁড়ামির কোনও স্থান নেই।

তিনি বিশ্বাস করেন, এ দেশের লোকজন সনাতনী বা গোঁড়া নয়, তারা ধর্মভীরু ও শান্তিপ্রিয়। কিন্তু বর্তমানে জাতির ভিতকে বিপন্ন করতে আহমদিয়াদের নিয়ে একটি ইস্যু সৃষ্টি করা হয়েছে।

তিনি আহমদিয়াদের পৃথক কালেমা রয়েছে (ইসলামের পাঁচ স্তম্ভের একটি) ইন্টারন্যাশনাল খতমে নবুয়ত আন্দোলনের এ ধরনের অপপ্রচারের নিন্দা জানান। তিনি বলেন, নবী মোহাম্মদ (স:) সম্পর্কে তারা যা বলে তা ঠিক না, আমরা বিশ্বাস করি হযরত মোহাম্মদ (স:) শেষ নবী।

হাদীসে মুসলমান সম্পর্কে স্পষ্ট সংজ্ঞা রয়েছে বিধায় আহমদিয়াদের অমুসলিম ঘোষণার দাবিটি অনৈসলামিক বলে তিনি মত প্রকাশ করেন। বুখারী শরিফ কিতাবুস সালাতের একটি হাদীস উদ্ধৃত করে তিনি বলেন, “যে আমাদের মত নামজ পড়ে, আমাদের কিবলামুখি হয়ে নামাজ পড়ে এবং আমাদের জবাই করা মাংস ভক্ষণ করে সে-ই মুসলমান।”

আহমদিয়াদের পক্ষে নুন্যতম ভূমিকা পালন না করায় অধ্যাপক আলী দেশের প্রধান রাজনৈতিক দলগুলোর সমালোচনা করেন।

তিনি বলেন, আদর্শগতভাবে কেউ বিশেষ কোনও গোষ্ঠির সন্ত্রাসের সমর্থন না করলেও ভোট হারানোর ভয়ে কোনও বড় রাজনৈতিক দল আমাদের পক্ষে কথা বলেনি।