নওগাঁয় বিডিআর-বিএসএফ পতাকা বৈঠক অনুষ্ঠিত
সীমান্তে উত্তেজনা নিরসন এবং শান্তিপূর্ণ পরিবেশ ফিরেয়ে আনতে নওগাঁ সীমান্তে রোববার বিডিআর ও বিএসএফ’র মধ্যে ব্যাটেলিয়ন পর্যায়ে সোয়া দুই ঘন্টা ব্যাপী পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়।
বিডিআর টেলিফোনে বিএসএফকে পতাকা বৈঠকের আমন্ত্রণ জানালে নওগাঁর ধামইরহাট উপজেলার আগ্রাদ্বিগুন সীমান্তের ২৫৮ নম্বর পিলারের পাশে সকাল ১০ টায় বৈঠক শুরু হয়। বেলা সোয়া ১২ টা পর্যন্ত বৈঠক চলে। বৈঠকে চোরাচালান প্রতিরোধসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয় এবং উভয় পক্ষই নওগাঁ সীমান্তে শান্তিপূর্ণ পরিবেশ বজার রাখার অঙ্গীকার ব্যক্ত করে।
বৈঠকে বিএসএফ’র পক্ষে নেতৃত্ব দেন ভারতের ১১৫ বিএসএফ ব্যাটালিয়ন কমানডেন্ট লে. কর্নেল হাজারিকা এবং বিডিআর’র পক্ষে নেতৃত্ব দেন ২৮ রাইফেল ব্যাটালিয়নের কমাণ্ডার লে. কর্নেল জাহিদ হাসান পি এস সি।
