যথাসময়ে প্রতিবেদন দাখিলে ব্যর্থ হলেও অস্ট্রেলিয়ান প্রতিষ্ঠান সামুদ্রিক খনিজ আহরনের লাইসেন্স চায়
যথাসময়ে সম্ভাব্যতা জরিপ প্রতিবেদন দাখিল করতে ব্যর্থ হলেও অস্ট্রেলিয়ান প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল টাইটেনিয়াম কোম্পানি দেশের সমুদ্র সৈকতের রুটাইল, জিরকনসহ বিভিন্ন খনিজ আহরনের জন্য লিজ পাওয়ার আবেদন করতে যাচ্ছে।
এই কাজে তাদের নেয়া অনুসন্ধান লাইসেন্সের মেয়াদ গত বছরের ডিসেম্বরে শেষ হয়। এর আগেই তাদের সম্ভাব্যতা জরিপ প্রতিবেদন দাখিল করার কথা থাকলেও রোববার কোম্পানি পরিচালক এ ডব্লিউ গ্র্যানা জ্বালানি প্রতিমন্ত্রীর কাছে প্রতিবেদনটি হস্তান্তর করেন। একই সাথে অস্ট্রেলিয়ান হাই কমিশনার লরেইন বারকার জ্বালানি প্রতিমন্ত্রী একেএম মোশাররফ হোসেনের সাথে সাক্ষাত করে এই কোম্পানিকে বিলম্বজনিত সমস্যা কাটিয়ে লিজ প্রদানের জন্য অনুরোধ করেছেন।
মন্ত্রী বিডিনিউজকে বলেন, কোনো করিগরি বাধা না থাকলে কয়েক মাস বিলম্বে রিপোর্ট দেয়ার জন্য তাদের লিজ না দেয়ার কোন কারণ নেই। বিষয়টি খতিয়ে দেখার জন্য ব্যুরো অব মিনারাল ডিপার্টমেন্ট (বিএমডি)কে নির্দেশ দেয়া হয়েছে।
জানা গেছে, এই অস্ট্রেলিয়ান কোম্পানি বালি থেকে খনিজ অনুসন্ধানে একজন বাংলাদেশী বিনিয়োগকারীকে সাথে নিয়ে কাজ করবে।
প্রায় এক দশক আগে ইন্টারন্যাশনাল টাইটেনিয়াম কোম্পানি উপকূলে বিশেষ করে কক্সবাজার এবং সংলগ্ন উপকূলে বালি থেকে খনিজ আহরনের জন্য বিএমডি থেকে লাইসেন্স গ্রহন করে। ২০০৪ সালের মধ্যে তাদের অনুসন্ধান কাজ শেষ করে সম্ভাব্যতা যাচাই প্রতিবেদন জমা দেয়ার কথা ছিল।
বিএমডি সূত্রে জানা গেছে যে, টেকনাফ, ইনানি, কক্সবাজার, কুতুবদিয়া, মহেশখালিকে এ বি সি ডি এফ অঞ্চলে ভাগ করে তাদের অনুসন্ধানের জন্য লাইসেন্স প্রদান করা হয়। কিন্তু তারা এ বি সি তে কোনো অনুসন্ধান কাজ করেনি। ডি, এফ অঞ্চলের ১৪,৭০০ হেক্টর এলাকায় অনুসন্ধান কাজ করেছে। বর্তমানে তারা এই এলাকায় লিজ পাওয়ার আগ্রহ দেখাচ্ছে।
কোম্পানির প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশের বালি থেকে ২ দশমিক ৪৯ শতাংশ হারে জিরকন এবং দশমিক ৪৬ শতাংশ হারে রুটাইল আহরন করা সম্ভব। এটি হবে বিশ্বের সর্বোচ্চ আহরন হার।
বিএমডি‘র পরিচালক সাইদুল হক বিডিনিউজকে বলেন, আমরা মন্ত্রণালয় থেকে বিষয়টি যাচাই করে দেখার নির্দেশ পেয়েছি। কারিগরি দিক যাচাই করার আগে কিছু বলা যাবে না। তবে প্রচলিত নিয়ম অনুসরন করে তারা মাইনিং লিজ চাইলে তা দেয়ার ক্ষেত্রে কোনো বাধা দেখি না।
