২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ডিসিসি’র পরিচ্ছন্নতা অভিযান শেষ, কাঙ্ক্ষিত লক্ষ্য সফল হয়নি, কোটি টাকা লুটপাটের অভিযোগ

সফলতা অর্জন ছাড়াই ঢাকা সিটি করপোরেশনের (ডিসিসি) পক্ষকালব্যাপী বিশেষ পরিচ্ছন্নতা অভিযান শেষ হয়েছে। ডিসিসির মেয়র সাদেক হোসেন খোকা রোববার পল্লবী থানার ৬ নম্বর সেকশন এলাকায় অভিযানের শেষ দিনের কার্যক্রম উদ্বোধন করেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Apr 2005, 06:56 PM

Updated : 26 Apr 2022, 05:35 PM

তবে কোটি টাকা ব্যয়ে আয়োজিত এ অভিযানের লক্ষ্য অর্জন হয়নি। কর্মকর্তাদের বিরুদ্ধে লুটপাটের অভিযোগও পাওয়া গেছে।

অভিযোগ রয়েছে, এ অভিযানের জন্য অতিরিক্ত শ্রমিক নিয়োগ দেওয়ার কথা থাকলেও নিয়মিত শ্রমিকদের মধ্য থেকেই হাতে গোনা কয়েকজনকে দিয়ে কাজ করানো হয়েছে। এসব শ্রমিককে তাদের নির্ধারিত পারিশ্রমিকও দেওয়া হয়নি।

তবে এ ব্যাপারে ডিসিসির প্রধান পরিচ্ছন্নতা কর্মকর্তা কমান্ডার সোহেল ফারুকীর সাথে যোগাযোগ করা হলে তিনি অভিযোগ অস্বীকার করেন। বিডিনিউজকে তিনি জানান, সব জায়গাতেই কাজ হয়েছে। প্রতিদিন বিশেষ অভিযানের অংশ হিসেবে প্রায় ৬০০ টন (২০০ ট্রাক) অতিরিক্ত আবর্জনা অপসারণ করা হয়েছে।

তিনি আরও বলেন, অত্যন্ত সফলতার সাথে পরিচ্ছন্নতা অভিযানকালে নগরীর বিভিন্ন এলাকার ময়লা অপসারণের কাজ হয়েছে। প্রত্যেক এলাকাতেই নিয়মিত শ্রমিকের বাইরে ৫০ থেকে ৫৬ জন অতিরিক্ত লোক কাজ করেছে। ডিসিসির ৫৪ জন কর্মকর্তা এ কাজের তদারকি করেছে। এ জন্য অতিরিক্ত শ্রমিকদের জনপ্রতি ৭০ টাকা এবং ট্রাক শ্রমিকদের ১০০ টাকা হারে পারিশ্রমিক দেওয়া হয়েছে।

তিনি বলেন, প্রতিটি এলাকায় কাজ শেষে স্থানীয় ওয়ার্ড কমিশনারসহ গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে গঠিত কমিটির কাছ থেকে এ মর্মে সনদ নেওয়া হয়েছে। এ অভিযানের কারণে নগরবাসী অনেক উপকৃত হয়েছে। ঢাকা শহর এখন একটি পরিচ্ছন্ন নগরীতে পরিণত হয়েছে।

ডিসিসির পরিচ্ছন্নতা বিভাগ ১০ এপ্রিল থেকে ব্যাপক প্রচারণার মধ্য দিয়ে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান শুরু করে।

অভিযান শুরুর আগে ডিসিসির পক্ষ থেকে জানানো হয়, নগরীর বিভিন্ন এলাকায় পরিচ্ছন্নতা কার্যক্রমের পাশাপাশি বিভিন্ন অবৈধ স্থাপনা উচ্ছেদ ও দখলমুক্ত করা, ভাঙ্গা সড়ক, ফুটপাত ও ড্রেন সংস্কার করা এবং দেয়াল লিখন মুছে ফেলা হবে।

নগরীর বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, অভিযান শেষ হলেও নগরীর প্রধান প্রধান সড়কের পাশের দেওয়ালের পোস্টার তোলা বা দেওয়াল লিখন মুছে ফেলার কাজ হয়েছে আংশিক। তবে বেশিরভাগ এলাকাতেই দেওয়াল লিখন ও পোস্টারগুলোকে নিজেদের অস্তিত্ব ঘোষণা করতে দেখা গেছে।

কিছু এলাকায় ভাঙ্গা রাস্তা সংস্কারের কাজ হলেও বেশিরভাগ ভাঙ্গা রাস্তাই আগের মতোই পড়ে রয়েছে। ফুটপাতের ভেঙে যাওয়া অংশগুলোও সংস্কার হয়নি। বেশ কয়েকটি রাস্তায় খোঁড়াখুঁড়ির কাজ চলতে দেখা যায়। অনেক সড়ক ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে। প্রধান প্রধান সড়কও ঝাড়পোছ না হওয়ায় আগের মতোই ধুলোবালি ছড়ায়।

বিভিন্ন এলাকায় ডিসিসির নিয়মিত কর্মীদেরই কাজ করতে দেখা যায়। কোথাও ২০ থেকে ২৫ জনের বেশি কর্মী কাজ করেনি। কোথাও কোথাও অভিযান উদ্বোধনের পরই লোকজনকে চলে যেতে দেখা গেছে বলেও এলাকাবাসী জানিয়েছে।

এসব কর্মীর সাথে আলাপ করে জানা যায়, এরা ডিসিসির দৈনিক ভিত্তিতে নিযুক্ত নিয়মিত কর্মী। তাদের কাজে লাগানো হয়েছে দৈনিক ৭০ টাকার চুক্তিতে। তবে এই মজুরী থেকেও ডিসিসির কতিপয় কর্তা ২০ টাকা করে কেটে নিচ্ছে বলে তারা অভিযোগ করে। এছাড়া ট্রাকে কর্মরত কর্মীদের দৈনিক ১০০ টাকা মজুরী দেওয়ার কথা থাকলেও তাদের দেওয়া হচ্ছে মাত্র ৭০ টাকা।

কর্মীদের অভিযোগ, বিশেষ পরিচ্ছন্নতা অভিযানের জন্য কোটি টাকার বরাদ্দ থাকলেও তা নগরবাসীর জন্য তেমন কোনও কাজে আসেনি। বরং কিছু কর্মকর্তা ও তাদের লোকজনের পকেট ভারী হয়েছে।