২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিরাজগঞ্জে তরমুজ চাষের উজ্জ্বল সম্ভাবনা থাকলেও খারাপ বীজের কারণে উৎপাদন ব্যাহত

জেলায় তরমুজ চাষের উজ্জ্বল সম্ভাবনা থাকলেও এ বছর খারাপ বীজের কারণে তরমুজ উৎপাদন ব্যাহত হয়েছে।

সিরাজগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Apr 2005, 02:45 PM

Updated : 26 Apr 2022, 05:35 PM

তরমুজ চাষের জন্য খ্যাত তাড়াশ উপজেলায় গত বছর একশ’ ৫৭ হেক্টর জমিতে তরমুজ চাষ হলেও এ বছর তা বেড়ে প্রায় ছয়শ’ হেক্টরে দাঁড়িয়েছে। কিন্তু খারাপ বীজের কারণে উপজেলার কৃষকরা এ বছর তরমুজ উৎপাদনে সাফল্য দেখাতে পারেনি।

জেলার তাড়াশ উপজেলার চলনবিল অঞ্চলের এসব জমিগুলোতে আগে ইরি, আমন ও বোরো ধানের চাষ হত। এ অঞ্চলের মাটি তরমুজ চাষের জন্য বিশেষ উপযোগী হওয়ায় এবং তরমুজ চাষ লাভজনক হওয়ায় কৃষকরা ধান চাষের পরিবর্তে তরমুজ চাষের দিকে ঝুঁকে পড়ে।

এক বিঘা জমিতে ধান চাষ করতে খরচ পড়ে পাঁচ হাজার টাকার মত। সেখানে একই পরিমান জমিতে তরমুজ চাষ করলে খরচ ও পরিশ্রম পড়ে প্রায় অর্ধেক। তরমুজের ফলন মোটামুটি ভাল হলে জমি থেকেই প্রায় ২০ হাজার টাকা উপার্জন করা সম্ভব- জানালেন উপজেলার দিঘুবিয়া গ্রামের তরমুজ চাষী আমজাদ হোসেন, আবু সাইদ, মন্টু আল ফকির, আনসার আলীসহ অনেকেই।

এ বছর তরমুজ চাষে বিপর্যয়ের কারণ সম্পর্কে তারা আরও জানান, এক কেজি উন্নত বীজের (উফশি) দাম ৩০ থেকে ৩৫ টাকা। জাপানী উচ্চ ফলনশীল (উফশী) বীজে খুব ভাল ফলন হয়, কিন্তু স্থানীয়ভাবে তরমুজ থেকে বীজ সংগ্রহ করা হলে কোন ফলন হয় না। এক শ্রেনীর অসাধু ব্যবসায়ী জাপান থেকে আমদানী বীজের সাথে স্থানীয় বীজ মিশ্রিত করে উচ্চ মুনাফার আশায় বিক্রি করে। ফলে তরমুজ চাষ লাভজনক হওয়া সত্ত্বেও ভাল বীজ না পেয়ে কৃষকরা আগ্রহ হারিয়ে ফেলছে।

এদিকে তাড়াশে তরমুজ কিনতে আসা টাঙ্গাইলের ব্যবসায়ী মনসুর আলী বিডিনিউজকে জানান, সিরাজগঞ্জের তাড়াশের তরমুজ খুবই সুস্বাদু ও মিষ্টি এবং আকারেও অনেক বড় হয়। টাঙ্গাইলসহ ঢাকায় এ অঞ্চলের তরমুজের ব্যাপক চাহিদা রয়েছে। কিন্তু এ বছর এখানকার তরমুজ অস্বাভাবিক ছোট হয়েছে। যেখানে গত বছরে একেকটি তরমুজের সর্বনিু ওজন ছিল পাঁচ থেকে ছয় কেজি।

স্থানীয় কৃষি সম্প্রসারণ কর্মকর্তা জানান, গত ১০ থেকে ১২ বছর ধরে এ এলাকার কৃষকরা তরমুজ চাষ করে আসছে। তরমুজ চাষের জন্য কারিগরি ও কৌশলগত শিক্ষার প্রয়োজন রয়েছে। এ বছর তরমুজ চাষের ওপর ট্রেনিংয়ের ব্যবস্থা করা হয়েছিল কিন্তু সে ট্রেনিংয়ে চাষীদের অংশগ্রহণ ছিল উল্লেখযোগ্য হারে কম।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক আবুল হাসনাত বিডিনিউজকে জানান, তরমুজ চাষে স্বল্প জ্ঞানের কারণে কৃষকরা সফল হতে পারেনি। অজ্ঞানতার কারণে একটি ক্ষেতে প্রয়োজনের তুলনায় বেশী করে বীজ বপন করে। পাশাপাশি বীজ ক্রয়ে কৃষকরা প্রতারিত হয়। তবে তরমুজ চাষের ওপর সরকারিভাবে প্রশিক্ষণের ব্যবস্থা করলে কৃষকরা অধিক ফলন পাবে বলে তিনি আশাবাদ ব্যাক্ত করেন।

স্থানীয় কৃষকরা অভিযোগ করে বলেন, স্থানীয় উপজেলা কৃষি অফিস তাদের কোনও ধরনের সসহযোগিতা করে না।

উন্নত বীজ, চাষ পদ্ধতি, পরিচর্যার প্রয়োজনীয় প্রশিক্ষণ এবং ঋণ সহায়তা পেলে সিরাজগঞ্জের তাড়াশ উপজেলা দেশের বৃহৎ তরমুজ উৎপাদনের ক্ষেত্রে পরিণত হবে বলে কৃষকদের আশা।