ক্রসফায়ারে বিপ্লবী কমিউনিস্ট পার্টির আঞ্চলিক নেতা নিহত
জেলার মিরপুর উপজেলার নয়নপুরে পুলিশের সাথে চরমপন্থী দলের ত্রিমুখী বন্দুকযুদ্ধে শনিবার দিবাগত ভোর রাতে বিপ্লবী কমিউনিস্ট পার্টির আঞ্চলিক নেতা আব্দুস সাত্তার (৩৫) নিহত হয়েছেন।
রোববার পুলিশ জানায়, শনিবার রাতে নয়নপুর সড়কের ইটাখোলা এলাকায় বিপ্লবী কমিউনিস্ট পার্টি ও গণমুক্তি ফৌজের ক্যাডারদের মধ্যে এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে বন্দুকযুদ্ধ শুরু হয়। সংবাদ পেয়ে মিরপুর থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছায়।
পুলিশের উপস্থিতি টের পেয়ে বন্দুকযুদ্ধে লিপ্ত দু’চরমপন্থী সংগঠনের ক্যাডাররা পুলিশকে লক্ষ্য করে গুলি ছুঁড়ে। পুলিশও পাল্টা গুলি চালালে শুরু হয় ত্রিমুখী বন্দুকযুদ্ধ। বন্দুকযুদ্ধ চলাকালে ক্রসফায়ারে পড়ে বিপ্লবী কমিউনিস্ট পার্টির আঞ্চলিক নেতা আব্দুস সাত্তার নিহত হন। সাত্তার মিরপুর উপজেলার কেউপুর গ্রামের অধিবাসী বলে জানা গেছে।
পুলিশ জানায়, আব্দুস সাত্তারের বিরুদ্ধে হত্যা ও অস্ত্র আইনে পাঁচটি মামলা রয়েছে। ঘটনাস্থল থেকে তারা বেশ কিছু গুলি উদ্ধার করেছে।
