২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কুমিল্লা পৌর এলাকায় তীব্র পানি সঙ্কট

কুমিল্লা পৌর এলাকায় পানির তীব্র সঙ্কট চলছে। প্রায় ১০ লাখ মানুষের পানির চাহিদা দৈনিক ৫৬ লাখ গ্যালন যার বিপরীতে পৌরসভা দিতে পারছে মাত্র ১৯ লাখ গ্যালন। পৌরসভার ১২টি ওয়ার্ডে কোনও কার্যকর পানি সরবরাহ ব্যবস্থা নেই।

কুমিল্লা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Apr 2005, 11:30 PM

Updated : 26 Apr 2022, 05:35 PM

নদী থেকে পানি উত্তোলনের পর তার বিশোধনের ব্যবস্থা না থাকায় নলকুপ বা পাম্পের সাহায্যে পানি উত্তোলনের পর তা পরিশোধন করে সরবরাহ করা হয়।

সংশ্লিষ্ট সূত্র জানায়, কুমিল্লা পৌরসভা পানি সঙ্কটের জন্য সাধারণত বিদ্যুৎ সরবরাহ বিভাগকে দায়ী করতো। কিন্তু এবারের পরিস্থিতি ভিন্ন। এবার বিদ্যুৎ বিভাগ লোডশেডিং সহনীয় পর্যায়ে নিয়ে এসেছে।

কিন্তু তাতেও পানি সঙ্কটের আশু সমাধান হচ্ছে না। পানি স্বল্পতা যে হারে বাড়ছে তাতে ভবিষ্যতে বহুতল ভবনে বসবাস করা অসম্ভব হয়ে পড়বে। গত দু’বছরে বিপুল পরিমান টাকা খরচ করে বেশ কিছু ওভারহেড ট্যাঙ্ক স্থাপন করা হলেও ইতোমধ্যে ৫টি অকেজো হয়ে পড়েছে, বাকীগুলো নির্মাণজনিত ত্রুটির কারণে সঠিকভাবে পানি সরবরাহ করতে পারছে না। এদিকে পৌর এলাকার অধিকাংশ টেপকলের মুখ চুরি হয়ে যাওয়ার কারণে প্রতিদিন ৪০ হাজার গ্যালন পানি অপচয় হচ্ছে।

এ বিষয়ে কুমিল্লা পৌরসভার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার সাথে যোগাযোগ করলে তিনি জানান, পর্যাপ্ত অর্থের অভাবে পানির এ তীব্র সঙ্কট নিরসনে আপাতত কোনও পদক্ষেপ নেওয়া সম্ভব হচ্ছে না।