২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজবাড়ীতে ম্যাজিস্ট্রেটের অভাবে দেড় হাজার মামলা ঝুলছে

রাজবাড়ীতে ম্যাজিস্ট্রেটের অভাবে দেড় হাজারেরও বেশি মামলা নিষ্পত্তির অপেক্ষায় ঝুলছে। প্রতিদিনই বাড়ছে ঝুলে থাকা মামলার সংখ্যা। প্রায় এক বছর ধরে এ অবস্থা চলছে।

রাজবাড়ী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Apr 2005, 08:45 AM

Updated : 26 Apr 2022, 05:35 PM

জেলার চারটি উপজেলা নিয়ে গঠিত কালেক্টরেট ভবনে সাতটি ম্যাজিস্ট্রেটের পদ থাকলেও ম্যাজিস্ট্রেট রয়েছেন মাত্র দুজন। তাদের একজন প্রথম শ্রেণীর এবং অন্যজন দ্বিতীয় শ্রেণীর।

স্থানীয়ভাবে চারটি উপজেলাকে দুটি আঞ্চলিক আদালতে ভাগ করা হলেও বিচারকের অভাবে মামলাগুলো নিষ্পত্তি করা যাচ্ছে না। এর সাথে প্রতিদিনই যুক্ত হচ্ছে আরও নতুন মামলা।

বিচারকের এই স্বল্পতার মধ্যেও মাসে কমপক্ষে ১০ দিন মেজিস্ট্রেটদের ভিআইপি প্রটোকল করতে হয়। এছাড়া রয়েছে শিক্ষা প্রতিষ্ঠান ও পরীক্ষা কেন্দ্র পরিদর্শন থেকে শুরু করে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণসহ ভ্রাম্যমাণ আদালতের কাজ। মাত্র দুজন ম্যাজিস্ট্রেটকে এসব সামাল দিতে হচ্ছে বলে নিম্ন আদালতের বিচার ও প্রশাসনিক কাজ প্রায় মুখ থুবড়ে পড়েছে। এতে করে মামলার কাজে দূর-দূরান্ত থেকে আসা বিচারপ্রার্থীদের দুভোগ চরমে উঠেছে।

জেলা প্রশাসন জানায়, এ বিষয়ে বিভাগীয় কমিশনারসহ সংশ্লিষ্ট বিভাগে বারবার লেখা হলেও কোনও ফল পাওয়া যায়নি।