২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দুর্ধর্ষ অপারাধীদের প্রতিহত করতে আইসিটি নেটওয়ার্কের মাধ্যমে সজ্জিত হচ্ছে র‌্যাব

অত্যাধুনিক যোগাযোগ ব্যবস্থা ও আইটি নেটওয়ার্কের মাধ্যমে দেশের এলিট ফোর্স র‌্যাপিড এ্যাকশন ব্যটালিয়নকে (র‌্যাব) সজ্জিত করা হচ্ছে। আধুনিক প্রযুক্তি ব্যবহারকারী দুর্ধর্ষ অপরাধীদের প্রতিহত করতে এ ব্যবস্থা নেয়া হয়।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Apr 2005, 08:10 PM

Updated : 26 Apr 2022, 05:35 PM

র‌্যাবের কর্মকর্তারা জানান, র‌্যাব সদরদফতরের সাথে এর সাতটি ব্যাটালিযনকে এ মাসের মধ্যে মাইক্রো ওয়েভের মাধ্যমে সংযুক্ত করা হবে এবং জুনের মধ্যে ডিজিটাল কমিউনিকেশনের মাধ্যমে ওয়াইড এরিয়া নেটওয়ার্কের আওতায় আনা হবে।

সম্পূর্ণ ই-গভর্নেন্সনির্ভর দেশের প্রথম সরকারি সংস্থা হিসেবে তথ্য প্রযুক্তির মাধ্যমে অপরাধ ও অপরাধীদের সনাক্ত করতে র‌্যাব তার সদস্যদের দেশের অভ্যন্তরে ও বিদেশে পাঠিয়ে বিশেষ প্রশিক্ষণ দিচ্ছে।

২০০৬ সাল জুন নাগাদ কাস্টোমাইজড সফটওয়ার তৈরি, অন্যান্য আইন প্রয়োগকারী সংস্থার সাথে আন্তঃযোগাযোগ স্থাপন, প্রশাসনিক ও রক্ষাণাবেক্ষণ কাঠামো তৈরি এবং একটি ফরেনসিক ল্যাব স্থাপনের কাজ সম্পন্ন হবে।

কাস্টোমাইজড সফটওয়্যারের মাধ্যমে আপরাধীদের তালিকা, প্রশাসনিক নিরাপত্তা কোড, ওয়েবসাইট ও যানবাহন ব্যবস্থাপনার ডাটাবেজ পরিচালিত হবে।

র‌্যাব-৪ এর কমান্ডিং অফিসার কমান্ডার সাবের শরীফ জানান, মাইক্রো ওয়েভ লিংকের আওতায় ঢাকা চট্টগ্রাম ও ঢাকা রাজশাহীর সাথে একটি ডিজিটাল হাইওয়ে স্থাপন করা হয়েছে এবং এ মাসের মধ্যে ঢাকা-খুলনা নেটওয়ার্কের কাজ সম্পন্ন হবে।

তিনি আরও জানান, এটি র‌্যাবের যোগাযোগের ক্ষেত্রে একটি শক্তিশালী কাঠামো হিসেবে কাজ করবে এবং আমাদের টিএন্ডটি’র ওপর নির্ভর করতে হবে না।

আইটি প্রোগ্রামের তত্বাবধায়ক সাবের আরো জানান, টহলরত গাড়ির অবস্থান নির্ধারণ করতে ৩০ টি গাড়িতে ইতোমধ্যেই অটো ভেহিক্যল লোকেশন (এভিএল) ডিভাইস স্থাপন করা হয়েছে এবং আরও ২০ টি গাড়িতে তা স্থাপন করা হবে। এছাড়াও তথ্য ও বার্তা আদান প্রদানের জন্য গাড়িগুলোতে মোবাইল ডাটা টারমিনাল (এমডিটি) স্থাপন করা হবে। এর মধ্যে ৬টি গাড়ি ইতোমধ্যেই এ প্রযুক্তি সুবিধার আওতায় আনা হয়েছে বলে জানান তিনি।

এছাড়াও র‌্যাবকে ডিজিটালাইজড করতে মোট ১৪৫ মিলিয়ন টাকার মাস্টার প্ল্যানের আওতায় ইতোমধ্যেই ভিডিও কনফারেন্স পদ্ধতি চালু করা হয়েছে।

প্রায় ৩০০ কর্মকর্তাকে ডিজিটাল কমিউনিকেশন সিস্টেম এবং নেটওয়ার্ক ব্যবস্থাপনার ওপর প্রশিক্ষণ দেয়া হয়েছে।

র‌্যাব কর্মকর্তারা জানান, ইতোমধ্যে দশ কর্মকর্তাকে সাইবার ক্রাইমের ওপর তিন সপ্তাহের প্রশিক্ষণ নিতে মালয়েশিয়ায় পাঠানো হয়েছে।

সাবের শরীফ বলেন, অন্যান্য সংস্থা যেমন বিআরটিএ, পাসপোর্ট ও ইমিগ্রেশন বিভাগ, এসবি ও মন্ত্রণালয়সমূহের সাথে র‌্যাবের ইনফরমেশন নেটওয়ার্ক স্থাপন করা হবে।

এছাড়াও উন্নত যোগাযোগ প্রযুক্তি প্রকল্পের আওতায় ১৯৫ সদস্য বিশিষ্ট কমিউনিকেশন আইটি ডাইরেক্টরেট গঠন করা হবে যার মাধ্যমে সারা দেশে র‌্যাবের ২৩টি কোম্পানির মধ্যে আইটি যোগাযোগ কার্যকর ও সমন্বয় সাধন করা হবে।