মনমোহনের হস্তক্ষেপে নেতাজি অন্তর্ধান রহস্য উদঘাটন কমিশনের মেয়াদ বৃদ্ধি
নেতাজি সুভাষ চন্দ্র বসুর অন্তর্ধান রহস্যের প্রকৃত সত্য উদঘাটনে বিচারপতি মনোজ মুখোপাধ্যায়ের নেতৃত্বে তদন্ত কমিটির সময় বৃদ্ধি করেছেন প্রধানমন্ত্রী মনমোহন সিং।
ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় শনিবার জানায়, নেতাজির অন্তর্ধান রহস্য সমাধানে এই কমিশন যে কোনও দেশে যেতে চাইলে তার জন্য যেমন অনুমতি দেয়া হবে, তেমনি যতদিন না পর্যন্ত তদন্ত কমিশন নিজ থেকে জানাচ্ছে যে তদন্তের কাজ শেষ ততদিন কাজ করে যেতে বলা হয়েছে।
নেতাজির অন্তর্ধান রহস্যের সমাধান করতে ভারতে তৃতীয়বারের মত গঠিত তদন্ত কমিশনের মেয়াদ আগামী ১৪ মে শেষ হওয়ার কথা।
ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র বিডিনিউজকে জানান, রহস্য উদঘাটনের জন্য কমিশনের বিচারপতি রাশিয়া ও ভিয়েতনাম যেতে চেয়েছেন। প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের নির্দেশে স্বরাষ্ট্রমন্ত্রী শিবারাজ প্যাটেলও তদন্ত কমিশনকে অনুমতি দিয়েছেন।
ক’দিন আগেই নেতাজির ভ্রাতুষ্পুত্র ও সংসদ সদস্য সুব্রত বসু কমিশনের মেয়াদ বৃদ্ধি এবং কমিশনকে বিদেশ সফরের অনুমতি দিতে প্রধানমন্ত্রীকে অনুরোধ করেছিলেন।
গত ১৫ নভেম্বর এই কমিশনের মেয়াদ ৬ বাড়ানোর সময় স্বরাষ্ট্রমন্ত্রী সরাসরি বলেই দিয়েছিলেন আর কোনভাবেই মেয়াদ বাড়ানো হবে না। কিন্তু শেষ পর্যন্ত প্রধানমন্ত্রীর হস্তক্ষেপে সময় বৃদ্ধি পেল।
এদিকে বিচারপতি মনোজ মুখোপাধ্যায় বিডিনিউজকে বলেন, শীত মৌসুমে রাশিয়ায় প্রচণ্ড শীতের কারণে কমিশন সেখানে যেতে পারেনি। তাইওয়ান সরকারও ইতোমধ্যেই জানিয়ে দিয়েছে যে, ১৯৪৫ সালের ১৮ আগস্ট সেখানে কোনও বিমান দুর্ঘটনা ঘটেনি। একদল গবেষক অবশ্য কমিশনের সামনে তথ্য দিয়ে প্রমাণ করার চেষ্টা করেছেন যে, ১৯৪৬ সালে নেতাজি রাশিয়ায় ছিলেন। এছাড়াও কমিশন ভিয়েতনামে কিছু তথ্যের সন্ধান করতে চায়।
