বাগেরহাটে ক্রসফায়ারে চরমপন্থী দলের সদস্য নিহত, অস্ত্র উদ্ধার
বাগেরহাটের ফকিরহাটে শনিবার ভোর রাতে পুলিশের সাথে বন্দুকযুদ্ধের সময় ক্রসফায়ারে শেখ কামরুল ইসলাম (৩২) নামে এক চরমপন্থী সদস্য নিহত হয়েছে।
পুলিশ ঘটনাস্থল থেকে একটি শাটার গান, এক রাউণ্ড গুলিসহ একটি দেশী রিভলবার, এসএলআর এর দুই রাউণ্ড গুলি, বন্দুকের এক রাউণ্ড গুলি এবং ১৩টি বন্দুকের গুলির খোসা উদ্ধার করে।
ফকিরহাট থানা ও জেলা গোয়েন্দা পুলিশ যৌথভাবে অভিযানে অংশ নেয়।
ফকিরহাট থানার দারোগা মাহাবুব জানান, শুক্রবার শেখ কামরুল ইসলাম (৩২) কে আটক করার পর সে পুলিশকে জানায় যে গভীর রাতে তার দলের একদল সদস্য গোয়ালবাড়ী গ্রামে সভা করবে। এই সংবাদের ভিত্তিতে পুলিশ তাদের ধরতে কামরুলকে নিয়ে অভিযান চালায়। খবর পেয়ে সন্ত্রাসীরা পুলিশের উপর গুলি চালালে পুলিশও পাল্টা গুলি চালায়। এসময় ক্রসফায়ারে কামরুল মারা যায়।
শনিবার বাগেরহাট মর্গে কামরুলের লাশের ময়না তদন্ত সম্পন্ন হয়েছে।
পুলিশ জানায়, কামরুল ইসলাম নিষিদ্ধ পূর্ব বাংলার কমিউনিস্ট পার্টি এম.এল. গ্রুপের সদস্য ছিলো। তার নামে হত্যা, চাঁদাবাজীসহ ৫/৬টি মামলা রয়েছে। তার বাড়ী বাগেরহাট সদর উপজেলার উজলপুর গ্রামে।
